২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠ্যক্রমে নারী-পুরুষের সমমর্যাদা দাবি

পাঠ্যক্রমে নারী-পুরুষ বিষয়ক শব্দের সমমর্যাদা ও ব্যবহার এবং প্রজনন স্বাস্থ্য বিষয়টি অর্ন্তভুক্ত করার দাবি উঠেছে এক মত বিনিময় সভা থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 04:47 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঠ্যক্রমে নারী-পুরুষ বিষয়ক শব্দের সমমর্যাদা ও ব্যবহার এবং প্রজনন স্বাস্থ্য বিষয়টি অর্ন্তভুক্ত করার দাবি উঠেছে এক মত বিনিময় সভা থেকে। বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে নারী প্রগতি সংঘ আয়োজিত 'পাঠক্রমে জেন্ডার সংবেদনশীলতা ও প্রজনন স্বাস্থ্য : অভিজ্ঞতা ও সুপারিশ' শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির। নারী প্রগতি সংঘ ২০০৯ সালে ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক বছর ধরে বিকল্প শিক্ষা উপকরণ নিয়ে পাঠ দেয়। এর মধ্যে প্রজনন স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য বিষয়গুলো অর্ন্তভুক্ত ছিলো। এ পাঠদানে অংশগ্রহণকারী নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রিয়াজউদ্দিন বলেন, "শিক্ষার্থীদের সহজ সম্পর্ক গড়ে তুলতে এ ধরণের বিষয়গুলো তাদের শিক্ষা দিতে হবে। এর ফলে শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য ও যৌন স্বাস্থ্য বিষয়ক সংকোচ দূর হবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. গীতি আরা নাসরিন বলেন, "ছড়া থেকে শুরু করে অংক বই পর্যন্ত প্রতিটি বইয়ে নারী-পুরুষের বৈষম্য রয়েছে। তবে, পরিবর্তন যে সম্ভব নয় তা নয়। বাচ্চারা ছোট তাদের কী শিক্ষা দেব এটা না ভেবে এ সংবেদনশীল বিষয়গুলো শিক্ষার্থীদের বেড়ে ওঠার সময়ই শিক্ষা দিতে হবে।" জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী ও শিক্ষক নেতা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বলেন, "পরিকল্পনার ভিত্তিতে সহজবোধ্যভাবে পাঠক্রমে পরিবর্তন আনতে হবে।" মতবিনিময় সভায় শিক্ষা আন্দোলন মঞ্চের আহ্বায়ক ড. অজয় রায়ও বক্তব্য দেন। লিখিত সুপারিশ উপস্থাপন করেন নারী প্রগতি সংঘের উপ-পরিচালক শাহনাজ সুমী। সুপারিশে পাঠ্যপুস্তক থেকে জেন্ডার অসংবেদনশীল শব্দ, বাক্য পরিহার, ক্ষমতা নির্দেশক চরিত্র যেমন: চালক, নিয়ন্ত্রক, পরিচালক, ক্রেতা, ঋণদাতা এ ধরণের শব্দে নারী-পুরুষকে ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা, নারীকে মমতাময়ী পেশায় না দেখিয়ে চ্যালেঞ্জিং পেশার উদাহরণ দিতে সুপারিশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২২৪৮ ঘ.