২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রদল কর্মী ছুরিকাহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক কর্মীকে ছুরি মেরে আহত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 04:03 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক কর্মীকে ছুরি মেরে আহত করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় আহসানুজ্জামান অলিন নামের ওই ছাত্রদল কর্মীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জন্য ছাত্রদল ও ছাত্রলীগ পরস্পরকে দায়ী করছে। অলিন বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আকতারুজ্জামানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের দিন আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিকেল সাড়ে ৪টার দিকে অলিনের নেতৃত্বে ছাত্রদলের ২০/২৫ জন কর্মী ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিলটি টুকিটাকি চত্ত্বরে এলে অজ্ঞাত কয়েকজন যুবক অলিনের বুক, পেট ও বাম হাতে ছুরি মেরে পালিয়ে যায়। এতে অলিন মাটিতে লুটিয়ে পড়ে। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অলিনের জ্ঞান ফেরেনি বলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জানিয়েছেন। সোমবার প্রধান বিরোধীদর বিএনপির ডাকা হরতালে পিকেটিং করার সময় দলের সহযোগী সংগঠন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার অপর যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন রানা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মী নয়নসহ কয়েকজন অলিনকে ছুরিকাঘাত করেছে। এই অভিযোগের ব্যাপারে নয়নের বক্তব্য পাওয়া যায়নি। তবে সরকার সমর্থক ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার স্থগিত কমিটির যুগ্ম-সম্পাদক আবু হুসাইন বিপু বলেন, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততা নেই। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মতিহার থানার ওসি আবুল খায়ের জানান, অলিনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে অনুসন্ধান চলছে। এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি বলে ওসি জানান। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.