ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার পাঁচ হাজার ৪৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মাঝখানে এক দিন বিরতি দিয়ে বাংলা দ্বিতীয় পত্র এবং কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা হয় এদিন।
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য বৃহস্পতিবার ২৯ জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের নকলে সহায়তা করায় বহিষ্কার করা হয়েছে পাঁচজন পরিদর্শককে।
এ নিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দুই দিনে ১২ হাজারেরও বেশি শিক্ষার্থী অনুপস্থিত থাকলো।
মঙ্গলবার প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৬৫৮৩ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দিন দশ বোর্ডে অনুপস্থিত ছিল ৫ হাজার ৪৪৪ জন।
এর মধ্যে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা সবচেয়ে বেশি। এ বোর্ডে ২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী এদিন পরীক্ষায় অংশ নেয়নি।
এছাড়া ঢাকা বোর্ডে ৭২৮ জন, কুমিল্লা বোর্ডে ২৪৬ জন, যশোর বোর্ডে ৫১৮ জন, রাজশাহী বোর্ডে ২৬৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১৪৪ জন, সিলেট বোর্ডে ৮০ জন, দিনাজপুর বোর্ডে ১১৮ জন, বরিশাল বোর্ডে ১৫৮ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে ৩৯৩ জন এদিন পরীক্ষা দেয়নি।
অসদুপায় অবলম্বনের জন্য এদিন যশোর বোর্ডে একজন, দাখিলে ১০ জন এবং ভোকেশনালে ১৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
পরীক্ষার্থীদের নকল সরবরাহ করায় কারিগরি বোর্ডের চারজন এবং রাজশাহী বোর্ডের একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/২০২৫ ঘ.
bdnews24