সিলেট, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যায় গ্রেপ্তার আরেকজন জবানবন্দি দিয়েছেন।
শনিবার বিকালে সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম কাজী মশফিক মাহবুব রবীনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ছইল মিয়া (২৪)।
এর আগে জবানবন্দি দেন শিক্ষার্থীদের বহনকারী নৌকাটির মাঝি গুলজার মিয়া।
গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বাদাঘাটের চেঙ্গেরখালে নৌকা ভ্রমণে গিয়ে দুর্বৃত্তের হামলায় নিহত হন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড পলিমার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবীর।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জালালাবাদ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জিত দাশ জানান, মাঝির দেওয়া জবানবন্দি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে গ্রেপ্তারদের মধ্যে আট যুবককে গত ২৮ ডিসেম্বর পুলিশ হেফজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
শনিবার রিমান্ডের শেষদিন ছইল মিয়া জবানবন্দি দিতে রাজি হলে আদালতে হাজির করা হয়। এরপরই তাকে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৭ ঘ.
bdnews24