সিলেট, ডিসেম্বর, ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দু’টোই বেড়েছে।
পাশের হার ৮৩ দশমিক ৩৪ শতাংশ। গত বছর ছিলো ৬১ দশমিক ৯৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৭৪৮ জন। গত বছর পেয়েছিলো ২০৩ জন।
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই পরীক্ষায় সিলেট বোর্ডের অধীনে চার জেলার (সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার) মোট ৯২ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ২৩৫ জন।
বুধবার বেলা ৩টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. মনির উদ্দিন ফল ঘোষণা করেন।
সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশগ্রহনকারী ৮৩৮টি স্কুলের মধ্যে সর্বোচ্চ ৮৭ জন শিক্ষাথী জিপিএ-৫ পেয়েছে সিলেট নগরীর ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয়ে। সার্বিক ফলাফলে প্রথম হয়েছে সিলেট ক্যাডেট কলেজ। শতভাগ পাসের গৌরব অর্জন করেছে ৭০টি স্কুল।
ফলাফলে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ৪০ হাজার ৩০০ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৩ হাজার ৮৮৭ জন। পাশের হার ৮৪ দশমিক ০৫ ভাগ।
মেয়েদের মধ্যে ৫২ হাজার ৩৭৫ জন অংশ নিয়ে পাশ করেছে ৪৩ হাজার ৩৬২ জন। তাদের পাশের হার ৮২ দশমিক ৭৯ ভাগ।
জিপিএ-৫ পাওয়া ৭৪৮ জনের মধ্যে রয়েছে ৩৯৭ জন ছেলে এবং ৩৫১ জন মেয়ে।
ফলাফলে আরো জানা যায়, মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেড ৬ হাজার ৭১১ জন, এ মাইনাস ৮ হাজার ৩৯৮ জন, বি ১২ হাজার ৩৩৪ জন, সি ৩৪ হাজার ৬১৯ জন এবং ডি গ্রেড পেয়েছে ১৪ হাজার ৪২৫ জন।
ফলাফল সম্পর্কে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. মনির উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে। সার্বিক পরীক্ষার ফলাফলে আমরা সন্তুষ্ট।
সিলেট বোর্ডের সেরা ২০ স্কুল
পাশের হার ও জিপিএ-৫ পাওয়ার উপর নির্ভর করে সিলেট বোর্ডের সেরা ২০টি স্কুল হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ব্লু বার্ড উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের দি-বার্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল, হবিগঞ্জের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স এস কে জি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেটের স্কলার্স হোম, মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের জুড়ী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের এস সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সিলেটের এইডেড হাই স্কুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৬ ঘ.
bdnews24