চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরেক জনের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়ে ভর্তি হতে আসা এক শিক্ষার্থীকে আটক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মো. শাহজাহান নামের ওই শিক্ষার্থী সোমবার বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান অনুষদে প্রথম বর্ষে ভর্তির জন্য এলে তথ্য যাচাই-বাছাইয়ের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জিয়াউর রহমান সোহেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোমবার ভর্তি হতে আসা শাহজাহানের পরিবর্তে ভর্তি পরীক্ষায় মো. ফয়সাল নামে আরেকজন অংশ নেয়।”
“গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সমাজ বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার উত্তরপত্রে নামের ঘরে ফয়সাল লিখলেও বৃত্ত ভরাট করা হয় শাহজাহানের নামে,” বলেন তিনি।
সহকারী প্রক্টর বলেন, এটা প্রমাণিত হয়েছে ফয়সাল নামে অন্য একজন তার হয়ে পরীক্ষায় অংশ নিয়েছে।
আটকের পর শাহজাহানের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে তার ভাই মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান সহকারী প্রক্টর।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভর্তি পরীক্ষায় প্রতারণার আশ্রয় নিয়ে নির্বাচিত আরো দুই জনকে সনাক্ত করা হয়। এক ভর্তিচ্ছুর হয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় আইন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএইচ/২০৪৫ ঘ.
bdnews24