ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ (সম্মান) শ্রেণীতে ভর্তির সাক্ষাৎকার আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।
আগামী ১, ২ ও ৩ ডিসেম্বর বিজ্ঞান বিভাগের মেধা তালিকায় প্রথম থেকে ১৩০০ পর্যন্ত, ৩ ও ৪ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম থেকে ৫০০ পর্যন্ত এবং ৪ ডিসেম্বর মানবিক বিভাগের প্রথম থেকে ১৫০ পর্যন্ত মেধাক্রমধারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের দোতলায় ডীনের কার্যালয়ে নেওয়া হবে।
উল্লেখিত দিনগুলিতে সকাল ৯টায় সাক্ষাৎকার শুরু হবে।
সাক্ষাৎকারের সময় প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি (প্রবেশপত্রের অনুরূপ) সঙ্গে আনতে হবে।
তবে কোনো কারণে প্রয়োজনীয় কাগজ ও ছবি আনতে ব্যর্থ হলে প্রার্থীকে নির্ধারিত জরিমানা দেওয়া সাপেক্ষে সাক্ষাৎকারে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।
‘ঘ’ ইউনিটে বিজ্ঞান শাখায় ৮৫২, ব্যবসায় শিক্ষা শাখায় ২৭৮ ও মানবিক শাখায় ৪৮টি আসন রয়েছে। মনোনয়ন ফরম ও চয়েস ফরম সাক্ষাৎকারের সময়ে দেওয়া হবে।
মেধাক্রম অনুযায়ী নির্দিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটে নির্ধারিত আসন পূর্ণ না হওয়া পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৫২ ঘ.
bdnews24