২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘গ’ ইউনিট: পুনর্মূল্যায়িত ফলে ভর্তি চেয়ে রিট আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফল অনুযায়ী ভর্তি শুরুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে ১২ জন শিক্ষার্থী। নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও চ্যালেঞ্জ করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 06:22 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফল অনুযায়ী ভর্তি শুরুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে ১২ জন শিক্ষার্থী। নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও চ্যালেঞ্জ করেছে তারা। এই ১২ শিক্ষার্থীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ মঙ্গলবার সকালে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এ আবেদন করেন। মনজিল মোরসেদ পরে সাংবাদিকদের বলেন, “শুনানি শেষে বেঞ্চ আদেশের জন্য মঙ্গলবার দিন রেখেছেন।” প্রথম দফার পরীক্ষায় প্রশ্নপত্রে ‘অসঙ্গতি’ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৯ ডিসেম্বর নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিন এই রিট আবেদন হলো। এই আবেদনে দুটি বিষয়ে আদালতের রুল চাওয়া হয়েছে। প্রথম দফায় নেওয়া ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং পুনর্মূল্যায়িত ফল অনুযায়ী কেন ভর্তি কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হবে না- তা জানতে চাওয়ার কথা বলা হয়েছে এ দুটি রুলে। গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার পর ৩১ অক্টোবর ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্নপত্রে ব্যাপক ভুলের অভিযোগ ওঠায় ফল পুনর্মূল্যায়ন করা হয়। এতে উত্তীর্ণের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে যায়। আগে উত্তীর্ণ অনেকের ফলও পরিবর্তন হয়। প্রথম ফলে দুই হাজার ৭২৭ জন উত্তীর্ণ হলেও পুনর্মূল্যায়নের পর উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় ছয় হাজার ৯৪ জন। তাদের মধ্যেই ১২ জন মঙ্গলবার রিট আবেদন করে। এই আবেদনের ওপর শুনানিতে রিটকারীদের পক্ষে মনজিল মোরসেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাডভোকেট এ এফ এম মেজবাহ উদ্দিন বক্তব্য রাখেন। আদালতের আহ্বানে আইনজীবী আনিসুল হক ও ব্যারিস্টার ফিদা এম কামালও শুনানিতে অংশ নেন। হাইকোর্ট বলেন, “যে শিক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আইনি অধিকার জন্মেছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভুলের কারণে ৪০ হাজার শিক্ষার্থী সাফার করেছে। উভয়পক্ষের জন্যই আমাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।” মনজিল মোরসেদ বলেন, “পুনর্মূল্যায়নের পর আবার হঠাৎ করে সম্পূর্ণ ফলাফল বাতিল করা হয়েছে। নতুন করে পরীক্ষা নেওয়ার তারিখও ঘোষণা করা হয়েছে। দুটি সিদ্ধান্তই আমরা চ্যালেঞ্জ করেছি।” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ‘বেআইনি’ সিদ্ধান্তে এক হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মেজবাহ উদ্দিন বলেন, “ভর্তি পরীক্ষার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির রয়েছে। আইনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ ক্ষমতা দেওয়া আছে।” এ সময় বেঞ্চ বলেন, “তার মানে এই নয় যে, আপনারা যা খুশি তাই করবেন।” মেজবাহউদ্দিন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। সবাই এখানে পড়তে চায়। ৪০ হাজার শিক্ষার্থী এখানে পরীক্ষা দিয়েছে। তাদের সবার স্বার্থই আমাদের দেখতে হবে।” তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভুলেই এ সমস্যার সৃষ্টি হয়েছে উল্লেখ করে ‘তাদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেন আনিসুল হক ও ফিদা এম কামাল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশ্নপত্রে অসঙ্গতি থাকায় শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ফল পুনর্মূল্যায়ন করা হয়। এরপরও আরো বিপুল পরিমাণ পুনমূর্ল্যায়ন আবেদন আসায় ৯ ডিসেম্বর নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ৯ ডিসেম্বরের পরীক্ষায় অংশ নিতে নতুন করে কোনো ফরম পূরণ বা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে না বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৮৫৬ ঘ.