ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি বিশ্ববিদ্যালয়ের নামে ঢাকা শহরে পরিচালিত ডিগ্রি প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম খতিয়ে দেখতে একটি কমিটি করেছে সরকার।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মহিবুর রহমানকে আহ্বায়ক করে আট সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, "হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের নামে ঢাকা শহরে পরিচালিত ডিগ্রি প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিবীক্ষণপূর্বক মতামত ও সুপারিশসহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।"
কমিটির অন্য সদস্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আবদুল মান্নান আখন্দ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর শহিদ আফতাব হোসেন, ফ্যাকাল্টি অব সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ইউসুফ আলী মোল্লা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ফরিদ আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিশ্ববিদ্যালয়)।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিবকে এই কমিটির সদস্য সচিব করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বিশ্ববিদ্যালয়) রঞ্জিত কুমার সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালের নামে ভূয়া সনদ দেওয়া হয়।"
তিনি বলেন, ভূয়া সনদ পেয়ে এক শিক্ষার্থী চলতি বছরের এপ্রিলে হাইকোর্টে রিট করেন।
ওই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট শিক্ষা সচিবকে বিদেশি বিশ্ববিদ্যালয়ের নামে ঢাকা শহরে পরিচালিত ডিগ্রি দানকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিবীক্ষণপূর্বক মতামত ও সুপারিশসহ প্রতিবেদর প্রণয়নে এ কমিটি গঠনের নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০৫১ ঘ.
bdnews24