২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়কাটা: চুয়েটকে মৌখিক সতর্কতা

পাহাড় কেটে ভবন নির্মাণের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে (চুয়েট) মৌখিকভাবে সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড় কেটে ভবন নির্মাণের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে (চুয়েট) মৌখিকভাবে সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর। ছাড়পত্র না নিয়ে পাহাড়কাটায় চুয়েট কর্তৃপক্ষকে নোটিশ দেবে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। তবে চুয়েট কর্তৃপক্ষ দাবি করছে তারা নিয়ম মেনে পাহাড়ের মাটি খুঁড়ে ভবনের ভিত্তি (ফাউন্ডেশন) নির্মাণের কাজ করছে। শনিবার সকালে রাউজান উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে অবস্থিত চুয়েট ক্যাম্পাসের শেষ সীমানায় পাঁচতলা একটি ভবন নির্মাণের জন্য পাহাড় কাটার ঘটনা দেখতে পায় বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশ্রাবের নেতৃত্বে একটি দল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চুয়েটের নতুন খোলা পেট্রোলিয়াম ও মাইনিং বিভাগের ভবন নির্মাণের জন্য এক একর পাহাড়ের প্রায় ১৫ ফুটের মতো কাটা হয়েছে। এস্কেবেটর দিয়ে তারা পাহাড় কাটছে। এজন্য পরিবেশ অধিপ্তরের কোনো অনুমোদন বা ছাড়পত্র নেয়নি।" "অধিদপ্তরের পক্ষ থেকে এস্কেবেটর জব্দ করতে চাইলে চুয়েটের শ্রমিকরা আমাদের বাধা দেয়।", যোগ করেন পরিবেশ পরিদর্শক। তিনি, "পাহাড় কাটা বন্ধে চুয়েট কর্তৃপক্ষকে রোববার নোটিস দেওয়া হবে।" এ প্রসঙ্গে চুয়েটের পুরকৌশল বিভাগের ডিন এবং প্ল্যানিং কমিটির পরিচালক ড. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অন্যায়ভাবে পাহাড় কাটছি না। শুধু ভবনের ভিত নির্মাণের জন্য পাহাড় খুঁড়ে মাটি তোলা হচ্ছিল।" পাঁচতলা ভবন নির্মাণের প্রকল্পটি একনেক থেকে অনুমোদিত উল্লেখ করে তিনি বলেন, "ভিত নির্মাণের পর কেটে নেওয়া মাটি পুনরায় যথাস্থানে প্রতিস্থাপন করা হবে।" চুয়েটের উপাচার্য ড. শ্যামল কান্তি বিশ্বাস বিষয়টিকে 'তেমন কোনো সমস্যা নয়' অভিহিত করে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। ২০১০-১১ শিক্ষাবর্ষে চুয়েটে পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হয়। এটি চালু হওয়ার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাঁচ তলাবিশিষ্ট এই ভবনটি নির্মাণের জন্য ৩ কোটি ৫ লাখ টাকা অনুমোদন হয়। গত ২০ সেপ্টেম্বর থেকে ভবনের ভিত নির্মাণের কাজ শুরু হয়। পাঁচ মাসের মধ্যে ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯৫৩ ঘ.