শাহজালাল বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা শনিবার।
ওইদিন সকাল ১০টায় 'এ' ইউনিট (সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ) ও বিকেল ৩টায় 'বি' ও 'বি-১' ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি কমিটির সদস্য সচিব ড. মুস্তাবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদে ৫৯০টি আসনের বিপরীতে ভর্তি ফরম রেজিস্ট্রেশন করেছে ১৫ হাজার ৫৪৫ জন শিক্ষার্থী। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা হবে ২৭ জনের।
এ ছাড়া বিজ্ঞান অনুষদে ৭৪০টি আসনের বিপরীতে ১৫ হাজার ৫৮৪ জন রেজিস্ট্রেশন করেছে। এ অনুষদে প্রতি আসনের বিপরীতে ২২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানান তিনি।
পরীক্ষার্থীরা www.sust.edu/admission ওয়েবসাইটে অথবা যে কোনো মোবাইল ফোন থেকে SUSTSEATAdmissionRoll লিখে ১৬১৬ নম্বরে এসএমএস করে তাদের পরীক্ষার আসন বিন্যাস জানতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ছাড়াও সিলেট শহরের ১৩টি কেন্দ্রে একযোগে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১০৫২ ঘ.
bdnews24