২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে আটক ২৮ শিবিরকর্মীকে ছাত্রলীগের মামলায় গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রাবাস থেকে আটক ২৮ ছাত্র শিবিরকর্মীকে ছাত্রলীগের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রাবাস থেকে আটক ২৮ ছাত্র শিবিরকর্মীকে ছাত্রলীগের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে শাহজালাল হলে এক ছাত্রের অবস্থানকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোররাতে পুলিশ তল্লাশি চালিয়ে অনাবাসিক ৩২ শিক্ষার্থীকে আটক করে। বুধবার দুপুরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি সাফায়েত বিল্লাহ বাদি হয়ে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ শিবিরকর্মীকে আসামি করে মামলা করেন। আটক ২৮ জনকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। হাটহাজারী থানার ওসি সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক চার জনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাড়িয়ে নিয়েছেন। গ্রেপ্তার ২৮ জনই শিবিরের নেতাকর্মী বলে জানিয়েছেন শিবির সভাপতি মোস্তফা সাকের উল্লাহ। মামলাকারী ছাত্রলীগ নেতা সাফায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাতে শিবিরের নেতা-কর্মীরা আমাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তারা ব্যাপক ভাংচুর করে।" এদিকে মঙ্গলবার রাতের ঘটনা তদন্তে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক খান তৌহিদ ওসমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলী হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটি সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএম/এমআই/২০০০ ঘ.