২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি

কারিগরি ও পেশাগত ক্যাডারে মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটায় নিয়োগের জন্য বিশেষ বিসিএস'র বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি ও পেশাগত ক্যাডারে মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটায় নিয়োগের জন্য বিশেষ বিসিএস'র বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩২তম এই বিশেষ বিসিএস'র মাধ্যমে এক হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, মহিলা কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ২৮ নভেম্বর থেকে আবেদনপত্র সংগ্রহ করে ২৭ ডিসেম্বর পর্যন্ত তা জমা দেওয়া যাবে। পরবর্তী ৩৩তম নিয়মিত সাধারণ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী বছরের জানয়ারি মাসে প্রকাশ করা হতে পারে বলেও পিএসসি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ও ২৯তম বিসিএস পরীক্ষার শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটায় অপূরণকৃত সংরক্ষিত পদসমূহ প্রতিযোগিতামূলকভাবে ৩২তম বিশেষ বিসিএসের মাধ্যমে পূরণ করা হবে। প্রার্থীদের বয়সসীমার বিষয়ে বলা হয়েছে, অনূর্ধ্ব ৩০ বছরের মহিলা ও উপজাতীয় প্রার্থীরা স্বাস্থ্য ক্যাডার বাদে অন্য সব ক্যাডারে, অনূর্ধ্ব ৩২ বছরের মুক্তিযোদ্ধা প্রার্থীরা সব ক্যাডারে এবং উপজাতীয় প্রার্থীরা শুধু সাধারণ ক্যাডারে আবেদন করতে পারবেন। চলতি বছরের ১ অক্টোবর তারিখ থেকে বয়স হিসেব করা হবে। নতুন পদ সৃষ্টি, পদোন্নতি, কর্মকর্তার অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণের কারণে যে কোনো ক্যাডারে পদের সংখ্যা বাড়ানো হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। যে সব প্রার্থী অ-বাংলাদেশিকে বিয়ে করেছেন বা বিয়ে করার প্রতিশ্র"তিবদ্ধ, তাদের সরকারের লিখিত অনুমতি নিয়ে আবেদন করতে হবে। যারা চাকরি হতে অপসারণ হয়েছেন বা পদত্যাগ করেছেন তারাও বিশেষ এই বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে লিখিত পরীক্ষার আগে কমিশন থেকে সরবরাহ করা বিপিএসসি ফর্ম-২ এর সঙ্গে চাকরি হতে অপসারণের আদেশ বা ইস্তফাপত্র গৃহীত হওয়ার আদেশের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট পরীক্ষা কেন্দ্রের জন্য বিভিন্ন রেঞ্জের নিবন্ধন নম্বর এবং শীর্ষ অংশে ভিন্ন রং সম্বলিত ওএমআর ফর্ম মুদ্রণ করা হয়েছে। প্রার্থী যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তাকে ওই পরীক্ষাকেন্দ্রের জন্য নির্ধারিত নিবন্ধন নম্বরের ফরম সোনালী ব্যাংকের কেন্দ্রভিত্তিক নির্ধারিত শাখা থেকে কিনতে হবে। ২০০ টাকার বিনিময়ে আগামী ২৮ নভেম্বর থেকে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রার্থীদের ১০০ নম্বরের প্রিলিমিনারি এবং ১১০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় গড়ে ৫০ শতাংশ পেতে হবে এবং মৌখিক পরীক্ষার পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ শতাংশ। লিখিত পরীক্ষায় কোনো বিষয়ে ২৫ শতাংশের কম নম্বর পেলে ওই পরীক্ষায় প্রার্থী কোনো নম্বর পায়নি বলে ধরা হবে। বিশেষ বিসিএস সম্পর্কিত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এ পাওয়া যাচ্ছে। এর আগে ২০০০ সালে শুধু মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ২৩তম বিশেষ বিসিএস অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২০৩০ ঘ.