২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকসহ বরখাস্ত পাঁচ

এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে অনিয়মের অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকসহ পাঁচ জনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে অনিয়মের অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকসহ পাঁচ জনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন- উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজমল গণি, বোর্ডের সেকশন অফিসার মো. ফজলুর রহমান, সিস্টেম অ্যানালিস্ট মো. জাহাঙ্গীর কবির, সহকারি প্রোগ্রামার মো. মোজাম্মেল হক চৌধুরী এবং ডাটা এন্ট্রি অপারেটর মো. আব্দুর রাজ্জাক। এদের সবার বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের মধ্যে আজমল গণিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ন্যস্ত করে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ফলাফল পুনঃনিরীক্ষণ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে অনিয়মের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে উত্তরপত্র পুনঃনিরীক্ষার নামে পুনঃমূল্যায়ণ করে নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে বলে তদন্তে বলা হয়েছে। মন্ত্রী বলেন, "এ ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিমের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা চেয়ে তার কাছেও চিঠি পাঠানো হবে। এছাড়া কর্তব্যে অবহেলার জন্য তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী (বর্তমানে বোর্ডের সচিব) অধ্যাপক মো. কামরুল হুদাকেও কারণ দর্শাতে বলা হবে।" শিক্ষামন্ত্রী বলেন, "তদন্তে দেখা গেছে, পুনঃনিরীক্ষার পরিবর্তে অধিকাংশ ক্ষেত্রে উত্তরপত্রে ব্যাপক অনিয়ম এবং অনৈতিকভাবে নম্বর বৃদ্ধি করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে খসড়া শিটে নম্বর পরিবর্তন না করে সরাসরি কম্পিউটার শিটে অন্য হাতে নম্বর তোলা হয়েছে।" "উত্তরপত্র ও পুনঃনিরীক্ষা খসড়ায় এবং কম্পিউটার শিটে নম্বর পরিবর্তন না করে সরাসরি চূড়ান্ত ফলাফল শিটে নম্বর পরিবর্তন করা হয়েছে। এছাড়া পুনঃনিরীক্ষার মতো একটি সংবেদনশীল ও স্পর্শকাতর বিষয়ে ফল প্রণয়ন প্রক্রিয়ায় সতর্কতা ও গোপনীয়তা রক্ষা করা হয়নি।" শিক্ষামন্ত্রী নাহিদ জানান, যশোর বোর্ডের ২০১১ সালের এইচএসসি পরীক্ষার ২৫ হাজার ৩৫৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য ৭ হাজার ২৪২ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ৬৫৭জন আবেদনকারীর ৬৯৯টি উত্তরপত্রের ফলাফল পুনঃনিরীক্ষায় পরিবর্তিত হয়। গত ৪ সেপ্টেম্বর পুনঃনিরীক্ষার ফল ঘোষণা করা হয়। ফল পুনঃনিরীক্ষণের ঘটনা তদন্তে গত ৭ সেপ্টেম্বর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ এস এম ইবাদুল হককে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি স¤প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন। কমিটির অন্য সদস্যরা হলেন- যশোর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আহসান হাবীব, যশোর সরকারি সিটি কলেজের সহকারি অধ্যাপক মো. মিজানুর রহমান এবং যশোর বোর্ডের প্রধান মূল্যায়ন কর্মকর্তা মিজানুর রহমান। নাহিদ বলেন, "উত্তরপত্র পুনঃনিরীক্ষণে অনিয়মে জড়িত শিক্ষকদের কেস টু কেস সনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফল পুনঃনিরীক্ষণের অনিয়মে শিক্ষার্থীরা কিভাবে জড়িত তাও বের করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/পিডি/২১১৫ ঘ.