চট্টগ্রাম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন দুটি অনুষদ চালু হয়েছে।
অনুষদ দুটি হলো- সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ে দুটি অনুষদ বাড়ানো হলেও নতুন কোনো বিষয় যুক্ত হয়নি বলে জানিয়েছেন চুয়েট'র জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইনিঞ্জনিয়ারিং, আর্কিকেটচার অ্যান্ড প্লানিং এবং ইঞ্জিনিয়ারিং এই তিন অনুষদের অধীনে মোট ১১টি বিষয়ে পড়ানো হতো।
নতুন দুটি অনুষদ চালু হওয়াতে এখন ওই ১১টি বিষয় ৫টি অনুষদের অধীনে পড়ানো হবে।
গত ১২ জুলাই একাডেমিক কাউন্সিলের ৬৮তম সভার সুপারিশ এবং ২২ জুলাই সিন্ডিকেটের ৬৫তম সভার অনুমোদনের প্রেক্ষিতে চুয়েটের অনুষদ দুটি গঠন করা হয় বলে জানান ফজলুর।
রোববার থেকে অনুষদ দুটির একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএইচ/এমআই/১২১০ ঘ.
bdnews24