২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মধ্যে রুয়েটে ছুটি

বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

রাজশাহী, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রুয়েটের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় আগামীকাল শুক্রবার থেকে ৫ ফেব্র"য়ারি পর্যন্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এটা শীতকালীন ছুটি। শিক্ষক সংকট নিরসন, আবাসিক হলে ইন্টানেটের ব্যবস্থা, ক্যাম্পাসে পূর্ণাঙ্গ শহীদ মিনার স্থাপন, ছাত্রী হল শেখ হাসিনার নামে নামকরণ, ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যবস্থাসব বিভিন্ন দাবিতে প্রায় ছয়মাস ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। দাবি পূরণে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগও দাবি করে শিক্ষার্থীরা। এসব দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছিলো। এর মধ্যে সোমবার সরকার সমর্থক ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে। রুয়েটের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালীন ছুটি চলাকালে সব ক্লাস এবং পূর্বে ঘোষিত সব পরীক্ষাও স্থগিত থাকবে। ছুটি শেষে বিভিন্ন বিভাগের স্থগিত করা পরীক্ষাসমূহের নতুন সময়সূচি ঘোষণা করা হবে। এছাড়া সদ্য ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামি ৫ ফেব্র"য়ারি অনুষ্ঠেয় পরিচিতিমূলক অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। পরে এই অনুষ্ঠানের তারিখ জানানো হবে। ছুটি চলাকালে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চলবে। রুয়েট উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় উপ-উপাচার্য ড. মো. মর্ত্তুজা আলীসহ বিভিন্ন দপ্তরের পরিচালক, রেজিষ্ট্রার ও বিভাগীয় প্রধানসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য ড. সিরাজুল করিম রুয়েটে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষার্থী, ছাত্র সংগঠন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের সকল কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন। শীতকালীন ছুটি প্রসঙ্গে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটির (২৩ থেকে ৩১ জানুয়ারি) সঙ্গে প্যারালালভাবে রুয়েটের ছুটি ঘোষণা করা হয়েছে।" তিনি জানান, শিক্ষার্থীদের অধিকাংশ দাবি বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। কিছু দাবি বাস্তবায়নের জন্য সময়ের দরকার। কিন্তু আন্দোলনকারীরা সময় দিচ্ছে না, এমনকি প্রশাসনের সঙ্গে আলোচনায়ও বসছে না। এসব বিষয় নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৯ ঘ.