খুলনা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভাংচুর করেছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগের প্রতিবাদে নর্দান ইউনিভার্সিটির খুলনা ক্যাম্পাসের শিক্ষার্থীরা সোমবার দুপুরে বিক্ষোভ করে।
বিক্ষোভের এক পর্যায়ে তারা বিভিন্ন শ্রেণী কক্ষ ও প্রশাসনিক ভবনে ভাংচুর চালায় বলে পুলিশ জানিয়েছে।
নর্দার্ন ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে অক্সব্রিজ নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
সোনাডাঙ্গা থানার ওসি মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের নতুন নামের বিপরীতে সব ধরনের লেনদেন করার পরামর্শ দেওয়ার পর বিক্ষোভের ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা দুপুরে ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে তারা ইউনিভার্সিটি ভবনের জানালা, দরজা ও কাচসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।
এ সময়ে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানপাট ও রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে। তবে এতে আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে মহানগর পুলিশের সহকারী কমিশনার প্রত্যুষ কুমার মজুমদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলছে।
সমস্যার সন্তোষজনক সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৯ ঘ.
bdnews24