২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ধিত বেতন-ফি: চবিতে আন্দোলন স্থগিতের ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্ধিত বেতন-ফি বিরোধী আন্দোলন স্থগিত করেছে আন্দোলন প্রত্যাহারের বিরোধী অংশ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 03:55 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্ধিত বেতন-ফি বিরোধী আন্দোলন স্থগিত করেছে আন্দোলন প্রত্যাহারের বিরোধী অংশ । মঙ্গলবার বিকালে নগরীর চেরাগী পাহাড়ে মনিরুজ্জামান ইসলামাবাদী মেমোরিয়াল হলে এক সংবাদ সম্মেলনে ওই অংশের নেতারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মাহমুদুল হাসান রাজিব। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করা হলো। চবি প্রশাসন মামলা প্রত্যাহারের ঘোষণা এবং ২ অগাস্ট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছে। এছাড়া অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এসব বিষয় বিবেচনায় আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান রাজিব। সোমবার বিকালে চবি কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার আলোচনা শেষে আন্দোলনকারীদের একাংশ আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। সোমবার রাাতে আন্দোলন প্রত্যাহার বিরোধী অংশের নেতা চবি শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি প্রবাল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি মেনে না নেয়া পর্যন্তআন্দোলন চলবে। মঙ্গলবার সকালে আন্দোলন প্রত্যাহার বিরোধী অংশের সমর্থকরা ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে। দুপুর ১২টা ১০ মিনিটে তাদের ওপর আন্দোলন প্রত্যাহারকারী অংশের শিক্ষার্থীরা হামলা চালায় বলে অভিযোগ করে প্রবাল মজুমদার । তবে মঙ্গলবার বিকালের সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের বিরোধী অংশের নেতারা জানান, প্রশাসনের সহযোগিতায় একদল সশস্ত্র সন্ত্রাসী মিছিলে হামলা চালায়। গত ২ অগাস্ট চবির আন্দোলনরত 'বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ শিক্ষার্থীবৃন্দের' সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২১৫২ ঘ.