বরিশাল, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু না হলে সড়ক ধর্মঘট ডেকে গোটা দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুমকি দিয়েছে বরিশাল বিভাগ উন্নয়ন কমিটি।
বুধবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এক পথসভা থেকে কমিটি এ ঘোষণা দেয়।
এর আগে শিক্ষার্থী ভর্তির ঘোষণা না হলে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয় কার্যক্রম বাস্তবায়ন কমিটি।
২০১১-১২ শিক্ষা বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার দাবি জানিয়ে আসছে এই কমিটি।
২০০৯ সালের ৯ অক্টোবর শিক্ষামন্ত্রী বরিশাল সফরে এসে মৌখিকভাবে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য স্থান নির্বাচন করেন।
পরবর্তী সময়ে প্রাথমিকভাবে বরিশাল জেলা স্কুলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
১৯৭৯ সালের ২৩ নভেম্বর মন্ত্রিপরিষদের বৈঠকে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেন।
পথসভায় বক্তারা বলেন, "বরিশালসহ দক্ষিণাঞ্চলবাসির দাবি চলতি শিক্ষাবর্ষেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। নইলে ধর্মঘট ডেকে পুরো দক্ষিণাঞ্চল অচল করে দেওয়া হবে।"
বরিশালের উন্নয়নে সরকারের কোনো নজরদারি নেই অভিযোগ করে তারা বলেন, সুবিধাবঞ্চিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সাইনবোর্ড ও অস্থায়ী কার্যালয় ছাড়া আর কিছুই জোটে নি।
বরিশাল বিভাগ উন্নয়ন কমিটির সভাপতি নজরুল ইসলাম নিলুর সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন- বিভাগ উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক মো. কামাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, সৈয়দ মারুফ করিম, অধ্যাপক আবু জাফর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/২০১৭ ঘ.
bdnews24