২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সেরা শিক্ষা প্রতিষ্ঠানে বাছাইয়ের নিয়মটি সঠিক নয়'

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সেরা শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ে বর্তমান নিয়মটি সঠিক নয় বলে মনে করেন রাজধানীর শীর্ষস্থানীয় দুটি কলেজের অধ্যক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সেরা শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ে বর্তমান নিয়মটি সঠিক নয় বলে মনে করেন রাজধানীর শীর্ষস্থানীয় দুটি কলেজের অধ্যক্ষ। তাদের মতে, এ নিয়মে প্রকৃত সেরা প্রতিষ্ঠান বাছাই সম্ভব নয়। বৃহস্পতিবার এইচএসসি ফল ঘোষণার পর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের অধ্যক্ষরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন। এই ফলের ভিত্তিতে এবার ঢাকা বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা কলেজ দশম ও ঢাকা সিটি কলেজ সপ্তম স্থান পেয়েছে। গত বছর ঢাকা কলেজ নবম ও ঢাকা সিটি কলেজ দ্বিতীয় স্থানে ছিলো। সেরা শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ে এবার চারটি মানদণ্ড ঠিক করা হয়। এগুলো হলো- একাদশ শ্রেণীতে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ও মোট পরীক্ষার্থী সংখ্যা, পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ও উত্তীর্ণের সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। ২০১০ সালের এসএসসি পরীক্ষায় সেরা প্রতিষ্ঠান বাছাইয়ে এই নিয়মটি প্রথম চালু করা হয়। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা কলেজ গত বছরের তুলনায় ভালো করলেও নিয়মের মারপ্যাচে পড়ে তালিকায় পিছিয়ে পড়েছে। তিনি বলেন, "এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে; কমেছে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা। কিন্তু এরপরও তালিকায় আমরা পিছিয়ে পড়েছি।" ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বল্প সংখ্যক শিক্ষার্থীর তুলনায় অধিক শিক্ষার্থীকে যোগ্য করে গড়ে তোলায় চ্যালেঞ্জ বেশি। সেরা প্রতিষ্ঠানের তালিকা করার ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় আনা হয়নি।" "৫০-১০০ শিক্ষার্থীর ফলের ভিত্তিতে কিছু প্রতিষ্ঠানকে এগিয়ে রাখা অধিক শিক্ষার্থীর দায়িত্ব নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি এক ধরণের অবিচার," বলেন তিনি। অধ্যাপক শাহজাহান মনে করেন, এই নিয়মের কারণে অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি করাতে কলেজগুলোর আগ্রহ হারাতে পারে, যা বিদ্যমান আসন সংকট বাড়িয়ে দিতে পারে। এবার ঢাকা কলেজের মোট পরীক্ষার্থী ছিলো ১০২২জন। এর মধ্যে ৪০২ জন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান শাখার ৬১৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮৬ জন। বাণিজ্যে ১৯৯ জনের মধ্যে ১২ জন এবং মানবিকে ২০৮ জনে ৪ জন জিপিএ-৫ পেয়েছে। অকৃতকার্য হয়েছে- বিজ্ঞানে ১৫ জন, বাণিজ্যে ৫ জন এবং মানবিকে ৮ জন শিক্ষার্থী। ২০০৯ সালে ঢাকা কলেজে পরীক্ষার্থী ছিলো ৯২০ জন। এর মধ্যে ৩৫৮ জন জিপিএ-৫ পেয়েছিলো। বিজ্ঞান শাখায় ৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছিলো ৩৩১ জন। বাণিজ্যে ২১২ জনের মধ্যে ১৬ জন এবং মানবিকে ২২০ জনে ১১ জন জিপিএ-৫ পেয়েছিলো। ওই বছর বিজ্ঞানে ১৩ জন, বাণিজ্যে ১০ জন এবং মানবিকে ১৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিলো। ঢাকা সিটি কলেজের মোট পরীক্ষার্থী ছিলো ১৭২৭ জন। এর মধ্যে ৮১৯ জন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞানে ৫৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯৫ জন। বাণিজ্যে ১০৪১ জনে ৫২১ জন এবং মানবিকে ১৩৮ জনে ৩ জন জিপিএ-৫ পেয়েছে। নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ৩ জন, বাণিজ্যে একজন অনুপস্থিত ছিলো। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানে ৯ জন এবং মানবিকে ৬ জন অকৃতকার্য হয়েছে। আগের বছর ঢাকা সিটি কলেজে পরীক্ষার্থী ছিলো ২০৯৮ জন। এর মধ্যে ৯৩৬ জন জিপিএ-৫ পেয়েছিলো। বিজ্ঞান শাখায় ৭১২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছিলো ৩১৯ জন। বাণিজ্যে ১৬৫৫ জনে ৬১২ জন এবং মানবিকে ১৩১ জনে ৫ জন জিপিএ-৫ পেয়েছিলো। নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানে ও বাণিজ্যে তিনজন করে অনুপস্থিত ছিলো। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানে ১০ জন, বাণিজ্যে একজন এবং মানবিকে ৯ জন অকৃতকার্য হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১২ ঘ.