রাজশাহী, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাশের হার বেড়েছে। শতকরা ৭৫ দশমিক ৪৩ ভাগ নিয়ে এই বোর্ড দ্বিতীয় স্থানে রয়েছে।
সবচেয়ে বেশি পাস করেছে সিলেট বোর্ডে। পাসের হার ৭৬ দশমিক ১২।
বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৮৩ হাজার ৭৩৭।
তিন বিভাগে ৮২ হাজার ১৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬১ হাজার ৯৮৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬০২ জন।
৬৩৩টি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৬৪টি কেন্দ্রে। এই বোর্ডে শতভাগ পাস কলেজের সংখ্যা ১২টি। ৩টি কলেজে কোন শিক্ষার্থী পাস করেনি। ৬১ জন পরীক্ষার্থী বহিস্কৃত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের সভা কক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক এএমএ হুরাইরা। বোর্ডের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
হুরাইরা জানান, ১৯৬২ সালে বোর্ড প্রতিষ্ঠার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবারের সাফল্য অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
গত বছরের তুলনায় এবার পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৪৭। জিপিএ-৫ ছিলো ২ হাজার ২২৯ জন। শতভাগ পাস কলেজের সংখ্যা ছিলো ৬ টি।
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ১৭ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১২ হাজার ৮০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২১৯ জন। গত বছর এই বিভাগে পাসের হার ছিল ৬৫ দশমিক ৫৬। এবার পাসের হার ৭৩ দশমিক ০৩।
ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ হাজার ৫৩৯ জন অংশ নেয়। পাস করেছে ১৪ হাজার ৮৩৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৬৭ জন। গত বছর এই বিভাগে পাসের হার ছিল ৭৯ দশমিক ৯৩। এবার পাসের হার ৮৪ দশমিক ৬১।
মানবিক বিভাগে ৪৭ হাজার ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৩৪ হাজার ৩৪১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪১৬ জন। গত বছর এই বিভাগে পাসের হার ছিল ৬৮ দশমিক ৯৪। এবার পাসের হার ৭২ দশমিক ৯১।
এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ২০। মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৮৬। জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে রয়েছে ছেলেরা। ছেলেরা মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮২ জন। মেয়েদের জিপিএ-৫ এর সংখ্যা ২ হাজার ৫২০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৩১ ঘ.
bdnews24