ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের ১৩ কর্মীকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হচ্ছেন- কাজী মারুফ সজীব, বিজয় কুমার দাশ, পারভেজ, দেবব্রত প্রিয় জনি, আরিফুল হক আরিফ, খায়রুল বাশার রাজু, শুভাশীষ কুন্ড টনি, মহিউদ্দিন আহমেদ মুহি, উজ্জ্বল কুমার দাশ, চয়ন, সকাল, স্বাধীন ও পলাশ।
সোমবার সন্ধ্যায় ছাত্র লীগের সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার কার্যক্রমও স্থগিত করা হয় অনির্দিষ্টকালের জন্য।
সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন।
তিনি বলেন,''জাহাঙ্গীরনগর ছাত্রলীগের আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ''
গত বছর ফেব্র"য়ারি মাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংষর্ষের কারণে সেসময়ে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। পরবর্তিতে ওই কমিটি বাতিল করে গত ১৯ মে সভাপতি রাশেদুল ইসলাম সাফিন ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্যের নেতৃত্বে নতুন কমিটি করা হয়।
সোমবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরসহ কমপক্ষে ৫০ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/১৯৩৮ ঘ.
bdnews24