২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রতিহত করবে ছাত্রলীগ

প্রধান বিরোধী দল বিএনপির ডাকা রোববারের হরতাল কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 10:35 AM

Updated : 25 Aug 2022, 12:50 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির ডাকা রোববারের হরতাল কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশ থেকে ছাত্রলীগ নেতারা এ ঘোষণা দেন। রোববার সারাদেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, হরতালে কোনো নৈরাজ্য ও বিশৃঙ্খলা সরকার বরদাশত করবে না। ঢাকা মহানগর পুলিশ হরতালে রাজধানীর মিরপুর-এয়ারপোর্টসহ প্রধান সড়কগুলোতে মিছিল নিষিদ্ধ করেছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শান্তিপূর্ণ হরতালে বাধা দিলে তার দায় সরকারের ওপর বর্তাবে। এছাড়া দলটির মহাসচিব শনিবার অভিযোগ জানিয়ে বলেছেন, হরতাল বানচাল করতে সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি তাড়িয়েও বেড়াচ্ছে। গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যার সমাধান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ ও দমন-নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবিতে সরকারকে সতর্ক করতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। গত ১৯ মে পল্টন ময়দানে বিএনপির মহসমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিকরা ইতিমধেই এতে সমর্থন জানিয়েছে। সমাবেশে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, "দেড় মাস আগে ডাকা হরতালের এখন আর ন্যূনতম কোনো প্রয়োজন নেই। হরতালের পক্ষে সে সময়ে যেসব যুক্তি দেওয়া হয় তার সবগুলো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তাই যে কোনো মূল্যে এ হরতাল প্রতিহত করতে মাঠে থাকবে ছাত্রলীগ।" হরতালের সুযোগে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে 'জামায়াত-শিবির চক্র' নাশকতা করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন ছাত্রলীগ সভাপতি। এ সময় তিনি ছাত্রলীগের ৮৭টি সাংগঠনিক জেলার সব নেতাকর্মীকে রোববার সারাদিন সতর্কাবস্থানে থাকার নির্দেশ দেন। ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শেখ সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশের আগে মধুর কেন্টিন থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা রোববার সকাল ৬টা থেকে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থান নেবেন। ৭টার দিকে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন। তিনি বলেন, "হরতালের নামে ক্যাম্পাসে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে দিনভর সতর্ক দৃষ্টি রাখবে ছাত্রলীগ। যে কোনো মূল্যে 'অরাজকতা' সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/এজে/১৬৩৩ ঘ.