২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ: জাবি ছাত্রদল নেতাকর্মী হলে ফিরতে পারছে না

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর প্রায় ১৮ মাস কেটে গেলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী হলে ফিরতে পারছে না বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 11:19 AM

Updated : 25 Aug 2022, 12:47 PM

জাবি, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর প্রায় ১৮ মাস কেটে গেলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী হলে ফিরতে পারছে না বলে অভিযোগ উঠেছে। ছাত্রদল নেতা-কর্মীরা ক্লাস করতে বা পরীক্ষা দিতে ক্যাম্পাসে এলে ছাত্রলীগের ক্যাডাররা তাদের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদলের অনেক নেতাকর্মী। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, গত ৪ নভেম্বর টিউটোরিয়াল পরীক্ষায় অংশ নিতে নিজ বিভাগে এলে ছাত্রলীগের হামলার শিকার হয় সরকার ও রাজনীতি বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী আলামিন শিবলী। গত ১৬ মার্চ রসায়ন বিভাগে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য এলে সহকারী প্রক্টর কামাল হোসেনের উপস্থিতিতে ছাত্রলীগের হামলায় আহত হয় এই বিভাগের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান এবং ছাত্রদল কর্মী মহিবুল্লাহ মাহি। গত ১ জুন অর্থনীতি বিভাগের ৩৪তম ব্যাচের ছাত্র ও ছাত্রদল নেতা শেখ আবদুল্লাহ ইসতিয়াক বিশ্বদ্যিালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবনে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়। ছাত্রদল নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, ক্যাম্পাসে গত ১৮ মাসে ছাত্রদলের অনেক কর্মী বিভিন্নভাবে ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছে। এসব ঘটনায় প্রশাসন তদন্ত করলেও তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেছে তারা। হামলার শিকার ছাত্রদল নেতা শেখ আবদুল্লাহ ইসতিয়াক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিভিন্ন সময়ে ক্যাম্পাসে ছাত্রলীগ ক্যাডারদের দ্বারা নির্যাতিত হচ্ছি এবং প্রশাসনও আমাদের প্রতি বিরূপ আচরণ করছে। এতে আমাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। প্রশাসন আমাদের কোন নিরাপত্তাই দিচ্ছে না।" এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ জাবি শাখার সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগ সহাবস্থানে বিশ্বাসী। ছাত্রদলের যাদের ছাত্রত্ব নেই শুধু তারাই ক্যাম্পাসের বাইরে আছে। তিনি বলেন, "ছাত্রদল নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের হামলা ও নির্যাতনের অভিযোগ ঠিক নয়।" এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিএনপিপন্থী শিক্ষক আধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান বলেন, "নিজ মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার সকলেরই থাকা উচিত। আমরা এ বিষয়গুলি প্রশাসনকে জানিয়েছি। তবে মনে হয় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রশাসনের কথা শোনে না।" বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আরজু মিয়া বলেন, "আমরা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা ও দল মত নির্বিশেষে সব ছাত্রকে সহযোগিতা করে আসছি। তবে পূর্বের ভুলের কারণে যারা হলে অবস্থান করছে না তাদের হল কর্তৃপক্ষের সাথে কথা বলে নিজেদেরই এ সমস্যার সমাধান করতে হবে।" ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় ঐক্যজোট পরাজিত হলে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৪৯ ঘ.