২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীদের শোভাযাত্রা

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রথম ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে সমর্থক শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 11:54 AM

Updated : 25 Aug 2022, 12:04 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রথম ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে সমর্থক শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আর্জেন্টিনা শনিবার রাত ৮ টায় নাইজেরিয়ার সাথে মাঠে খেলতে নামছে। শনিবার দুপুরে এসএম হল আর্জেন্টিনা ফ্যান ক্লাব ২৭০ গজ দীর্ঘ একটি পতাকা নিয়ে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করে। হলের শতাধিক সমর্থক শিক্ষার্থী আর্জেন্টিনার জার্সি পরে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলে ফিরে যায়। জগন্নাথ হল আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আহবায়ক উৎপল সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হলের প্রজেক্টরে আমরা একসঙ্গে খেলা দেখবো। খেলা শেষে রাতে সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করবো। আর্জেন্টিনার প্রথম খেলা উপলক্ষে সমর্থকদের নামের তালিকা প্রকাশ করেছে কবি জসীম উদ্দীন হল আর্জেন্টিনা ফ্যান ক্লাব। জয় পেলে প্রায় প্রতি হলেই আনন্দ মিছিল হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনা দলের সমর্থকরা। আর্জেন্টিনার খেলা দেখতে টিভি কিনেছেন জসীম উদ্দীন হলের শিক্ষার্থী কাজী এনায়েত। এ ছাড়াও দিনভর ক্যাম্পাসজুড়ে আর্জেন্টিনার জার্সি পরা সমর্থকদের আনাগোনা ছিল চোখে পড়ার মত। এ ব্যাপারে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টিএসসিতে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৪৩ ঘ.