২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমিটি গঠনের পর জাবি ছাত্রলীগে ফের কোন্দল, আহত ৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের হামলায় সহ-সভাপতি রাশেদ রেজা ডিকেনসহ আটজন আহত হয়েছেন। তাদের ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 04:35 AM

Updated : 26 Apr 2022, 01:05 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের হামলায় সহ-সভাপতি রাশেদ রেজা ডিকেনসহ আটজন আহত হয়েছেন। তাদের ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার ভোররাতে মাওলানা ভাসানী হলে ওই হামলার পর সকালে যুগ্ম সম্পাদক মো. আজগর আলীকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে নতুন কমিটি। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতের জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর গত ২০ মে ১২ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে এটাই প্রথম সহিংস ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৩টার দিকে ডিকেন ও তার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায় একই হলের আজগর (অর্থনীতি, ৩৩তম ব্যাচ), নতুন কমিটিতে পদ না পাওয়া কামরুল হাসান সুমন (অর্থনীতি, ৩২তম ব্যাচ), সোহান (সরকার ও রাজনীতি, ৩৪তম ব্যাচ), সম্রাট (অর্থনীতি, ৩৬তম ব্যাচ), ফেরদৌস (দর্শন, ৩৭), রাজ (দর্শন,৩৭) এবং তাদের সমর্থকরা। তারা রাম দা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে ডিকেন (ভূগোল ও পরিবেশ, ৩৪তম ব্যাচ), মাহবুব মুন্না (বাংলা, ৩৪তম ব্যাচ), উজ্জ্বল হোসেন (গণিত, ৩৪তম ব্যাচ), আরাফাত জামান (নগর অঞ্চল ও পরিকল্পনা, ৩৫তম ব্যাচ), মোস্তফা সাদিক (আইবিএ, ৩৬তম ব্যাচ), আল আমিন (নগর অঞ্চল ও পরিকল্পনা, ৩৬তম ব্যাচ), মাহমুদ (পদার্থ বিজ্ঞান, ৩৭তম ব্যাচ) ও সানজিরকে (বাংলা, ৩৭তম ব্যাচ) গুরুতর আহত করে। হামলায় এদের প্রায় সবার হাত ও পা ভেঙ্গে গেছে। আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর সকাল ৭টার দিকে জাবি ছাত্রলীগের নতুন সভাপতি মো. রাশেদুল ইসলাম শাফিন ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ে মারামারি ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আজগরকে অনির্দিষ্টকালের জন্য সংগঠন থেকে বহিস্কার করা হয়। সাড়ে ১০টার দিকে উপাচার্য বরাবর আজগর, সুমন, জাকির, সম্রাট ও সোহানসহ হামলায় জড়িত অন্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দিয়ে স্বারকলিপি দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) ফরহাদ হোসেন ও প্রক্টর আরজু মিয়া আহতদের দেখতে রাতেই বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে যান। ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, এ ব্যাপারে দ্রুত সভা ডেকে সর্বসম্মতিক্রমে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। ডিকেন সাংবাদিকদের বলেন, "আজগর ও সুমন ক্যাডার নিয়ে ঘুমন্ত অবস্থায় আমার এবং আমার কর্মীদের ওপর হামলা চলিয়েছে।" এ বিষয়ে সুমন ও আজগরের সঙ্গে টেলিফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৪৫ ঘ.