যশোর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার বেড়েছে। বেড়েছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও।
শনিবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাবে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রবিউল ইসলাম পরীক্ষার ফল ঘোষণা করেন।
এ শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ২৩ হাজার ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯৭ হাজার ৪০৩ জন। পাসের হার ৭৯ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৯৯ জন।
এবার পাসের হার গতবারের তুলনায় ১১ দশমিক ০৭ শতাংশ পয়েন্ট বেশি। ২০০৯ সালে পাসের হার ছিলো ৬৮ দশমিক ০১ শতাংশ। ২০০৮ সালে ছিলো ৭১ দশমিক ৪৩ এবং ২০০৭ সালে ছিলো ৬১ দশমিক ২৬ শতাংশ।
বিজ্ঞান বিভাগে ১৭ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৪৭৪ জন। মানবিক বিভাগে ৬৭ হাজার ৮৭৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৮ হাজার ৯৭৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭ হাজার ৩০৩ জনের মধ্যে ৩১ হাজার ৯৫২ জন পাস করেছে।
এর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে। ১৪ হাজার ৪৩৪ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১২ হাজার ৫৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৫৪ জন।
ওদিকে সাতক্ষীরা জেলার নাইস মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন পরীক্ষার্থী অংশ নিয়ে একজনও পাস করতে পারেনি।
সেরা ১০
বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য পয়েন্টের ভিত্তিতে শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করেছে বোর্ড কর্তৃপক্ষ। তাতে ৮৯ দশমিক ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠানের ৪৭ শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা ফুলতলা এমসিএসপি স্কুল। খুলনা সরকারি করোনেশন বালিকা বিদ্যালয় তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে খুলনা জিলা স্কুল। যশোর পুলিশ লাইন স্কুল রয়েছে পঞ্চম স্থানে।
নাভারন আকিজ উদ্দিন স্কুল রয়েছে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে রয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। অষ্টম স্থানে রয়েছে খুলনা পাবলিক কলেজ। যশোর দাউদ পাবলিক স্কুল রয়েছে নবম স্থানে। দশম স্থানে রয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়। তাদের পয়েন্ট ৭৩.০২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮১৮ ঘ.
bdnews24