২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে তথ্যপ্রযুক্তি উৎসব শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে তিনদিনের তথ্য ও প্রযুক্তি উৎসব। চলবে শনিবার পর্যন্ত ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 03:34 PM

Updated : 24 Aug 2022, 08:16 PM

সিলেট, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে তিনদিনের তথ্য ও প্রযুক্তি উৎসব। চলবে শনিবার পর্যন্ত মাইক্রোসফট সিএসই কার্নিভাল-২০১০ শিরোনামের এ উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এ উৎসবের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, "বর্তমান বিশ্বে একটি দেশের উন্নয়নের হাতিয়ার হচ্ছে তথ্য ও প্রযুক্তি। তথ্য ও প্রযুক্তির বিদ্যা ছাড়া কোনো দেশের উন্নয়ন ফলপ্রসূ হবে না।" সরকার 'ডিজিটাল বাংলাদেশ' গড়তে দৃঢ় প্রত্যয়ী জানিয়ে এ উৎসব আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. সালেহ উদ্দিন, সিএসই বিভাগের প্রধান ড. মুহম্মদ জাফর ইকবাল, মাইক্রোসফট'র পাবলিক সেক্টর ম্যানেজার ইমরান আল আমিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় কেন্দ্রীয় মিলনায়তন প্রাঙ্গণে সিলেটে প্রথমবারের মতো এই ল্যাপটপ ফেয়ার ও সফটওয়ার প্রদর্শনী শুরু হয়। উৎসবের শেষদিন পর্যন্ত এ মেলা ও প্রদর্শনী চলবে। গিগাবাইট, আসুস, ইন্টেল, টেকনোএজ, ল্যানোভা, কম্পিউটার সোর্স, ফ্লোরা, বাইয়োস, ইউনিক বিজনেস সিস্টেম, স্যামসাং গ্লোবাল ব্রান্ড, টেকনো ভিলেজসহ ২২টি প্রতিষ্ঠান ল্যাপটপ ফেয়ারে অংশ নিয়েছে। মিলনায়তনের নিচ তলায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি সফটওয়ারের প্রদর্শনী চলছে। আয়োজকরা জানান, উৎসবের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড সাইবার গেম প্রতিযোগিতা এবং বিভিন্ন সফটওয়ার নিয়ে সেমিনার হবে। উৎসব সম্পর্কে ইন্টারনেটে িি.িংঁংঃ.বফঁ/পংবপধৎহরাধষ -এ ঠিকানায় বিস্তারিত জানা যাবে। এছাড়া ০১৫৫৫ ৫৫৫০০১-৫ নম্বরে ফোন দিয়েও তথ্য জানা যাবে। উৎসবের সহযোগিতায় রয়েছে মাইক্রোসফট, টেলিটক, দৈনিক কালের কন্ঠ ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকা। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক কালের কন্ঠ, দৈনিক উত্তরপূর্ব, রেড টাইমস বিডি, কম্পিউটার জগত, রেডিও ফুর্তি। সার্বিক সহয়োগিতায় রয়েছে সিএসই সোসাইটি, গ্লোবাল ব্র্যান্ড ও বিডিএসএন। উৎসবের প্রথমদিনেই বেশ সাড়া পড়েছে। সারাদিনই ছিল উপচেপড়া ভিড়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও শহরের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে মেলায় ভিড় জমায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২১৩২ ঘ.