২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়ন: চবির এক শিক্ষককে বাধ্যতামূলক ছুটি

বিভাগের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মামুনকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 03:22 PM

Updated : 24 Aug 2022, 08:15 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভাগের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মামুনকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযোগের অধিকতর তদন্ত ও মামুনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে বুধবারের সিন্ডিকেট সভায় একটি কমিটি করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক একেএম তফজল হক। বিভাগের শিক্ষকদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন দাবি করে আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত প্রতিবেদনও প্রভাবিত হয়েছে।" অধিকতর তদন্তের পর এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলে জানান মামুন। সিন্ডিকেট সদস্য তফজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার মাস আগে নৃ-বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রী বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং রেজিস্ট্রারের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন। "অভিযোগের প্রেক্ষিতে সে সময় তিন সদস্যের একটি তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখে," জানিয়ে তফজল বলেন, "প্রাথমিক তদন্তে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/২১১৩ ঘ.