২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় খুলছে রোববার

প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর রোববার খুলছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় খুলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 05:00 PM

Updated : 24 Aug 2022, 08:07 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর রোববার খুলছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় খুলছে। শনিবার সকাল থেকেই শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধিকাংশ আবাসিক শিক্ষার্থী হলে উঠেছে। কাল (রোববার) থেকে পাঠদানসহ স্বাভাবিক কার্যক্রম চলবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথের পদত্যাগ দাবিতে তার কার্যালয় ঘেরাও কর্মসূচি অব্যাহত রেখেছে ছাত্রলীগ। উপাচার্য পদত্যাগ না করা এবং নতুন উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত রাখবে। তবে সংগঠনের নেতারা বলেছেন, তারা পাঠদানসহ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেবেন না। উপাচার্যের পদত্যাগ দাবিতে ছাত্রলীগের অবরোধ ও ধর্মঘটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী শনিবার খুলে দেওয়া হয় দুটি আবাসিক হল। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, ছাত্রলীগকর্মীরা উপাচার্যের কার্যালয়ে তালা লাগিয়ে এর সামনে অবস্থান নিয়েছে। এছাড়া উপাচার্যের বাসভবনে শিক্ষক-কর্মকর্তাদের যাতায়াতেও বাধা দিচ্ছে বলে তিনি দাবি করেন। শনিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, "বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ছাত্রলীগের ঘোষণায় স্বত:স্ফূর্তভাবে সাধারণ ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসে এসেছে।" ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের মিষ্টিমুখ করায় বলেও দাবি করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কমল কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপাচার্যের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের আমরা অনুরোধ জানিয়েছি।" উপাচার্যকে কোন প্রকার প্রশাসনিক কাজে অংশ নিতে দেওয়া হবে না বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২৩৩ ঘ.