চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর উপকণ্ঠে উদ্ধার লাশটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বলে নিশ্চিত করেছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তার নাম হারুনুর রশিদ কায়সার। তিনি মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন।
সোমবার সকালে হাটহাজারী থানার খিল্লাপাড়া লেভেল ক্রসিং এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। কায়সারের গলা কাটা ছিলো, বুকে ও পেটেও ছিলো ছুরিকাঘাতের চিহ্ন।
পুলিশ জানায়, কায়সারের বাড়ি মিরসরাই উপজেলার রাঘবপুর গ্রামে। তার বাবার নাম দিদারুল হক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ সাংবাদিকদের বলেন, কায়সার একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন।
হাটহাজারী থানার ওসি গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্ভবত অন্য কোথাও হত্যা করার পর লাশটি রেল ক্রসিংয়ের পাশে ফেলে রাখা হয়।"
সোমবার সকাল ৮টার দিকে রেল ক্রসিংয়ের চারশ' গজ দক্ষিণ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রেলওয়ে থানার ওসি মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ বাদি হয়ে এ ঘটনায় একটি মামলা করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনার তদন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) করছে।
উপাচার্য বলেন, যে-ই এই হত্যাকাণ্ড ঘটাক না কেন অপরাধীদের খুঁজে বের করা হবে।
কায়সার হত্যার পর বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কিউএইচ/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24