ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে 'শিক্ষককে শিক্ষকের থাপ্পড় মারার' ঘটনায় তিন শিক্ষককে সতর্ক করবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
বৃহস্পতিবার রাতে সিন্ডিকেট মিটিংয়ে চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান নাহীদ আখতার, বিভাগের সহকারী অধ্যাপক শেখ মনির উদ্দিন ও প্রভাষক সাবরিনা শাহনাজকে সতর্ক করার সিদ্ধান্ত হয়।
রাত ৯টার দিকে সিন্ডিকেট মিটিং শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনায় সংশ্লিষ্ট তিন শিক্ষককেই অশিক্ষকসুলভ আচরণের জন্য সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।"
গত ৬ মার্চ অনুষদের চেয়ারম্যান নাহীদ আখতার থাপ্পড় মারেন শেখ মনিরকে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার সময়সীমা শেষে ১০ মার্চ প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।
তদন্ত প্রতিবেদন অধ্যাপক হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " নাহীদ আখতার থাপ্পড় মারার ঘটনা স্বীকার করেছেন। কমিটি এ ঘটনা পেছনের ঘটনা বিবেচনায় নিয়ে তিনজনেরই অশিক্ষকসুলভ আচরণের প্রমাণ পেয়েছে।"
বৃহস্পতিবারই এক সংবাদ সম্মেলনে নাহীদ আখতার দাবি করেন, তিনি আত্মরক্ষায় সহকর্মীকে থাপ্পড় মেরেছিলেন।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি শেখ মনির উদ্দিন ও সাবরিনা শাহনাজের বিরুদ্ধে একাডেমিক কাজে অসহযোগিতার অভিযোগও আনেন।
এক প্রশ্নের জবাবে নাহীদ বলেন, "ঘটনার পর মানসিক বিপর্যস্ততার কারণে এতদিন এ ব্যাপারে মুখ খুলিনি।"
শেখ মনির উদ্দিন এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় ২০ দিন আগে বিভাগের প্রভাষক সাবরিনা শাহনাজের কক্ষে চেয়ারম্যান তালা মেরে দেন। তখন সাবরিনা শহনাজ উপাচার্যকে বিষয়টি জানান।
এ বিষয়টি নিয়ে শনিবার আবার উপাচার্যের সঙ্গে দেখা করে বিভাগে ফিরে কক্ষের তালা ভাঙা ও কাগজপত্র তছনছ করা অবস্থায় দেখতে পান বলে জানান শেখ মনির।
ওখান থেকে চেয়ারম্যানের কক্ষে গিয়ে তাকে (নাহীদকে) ঘটনাটি জানালে তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান শেখ মনিরকে থাপ্পড় মারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২০১ ঘ.
bdnews24