২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মুখে বন্ধ চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

শিক্ষকের পদত্যাগ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 02:04 PM

Updated : 24 Aug 2022, 07:23 PM

চট্টগ্রাম, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকের পদত্যাগ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কোন কারণ উল্লেখ না করেই ১০ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত অনুষদটি বন্ধ থাকার কথা জানানো হয়। নগরীর ওয়াসা মোড়ে বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসের দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী রোববার থেকে অনিদির্ষ্টকালের জন্য ক্লাস বর্জনসহ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছিল। রোববার থেকে অনুষদ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভবনটির নিচে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিএনজি রিফুয়েলিং স্টেশনও মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত বন্ধ করে রাখে তারা। মঙ্গলবার বিকাল ৫টায় বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে ভেতরে ঢুকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে সেখানে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর তারা সিএনজি স্টেশনটি খুলে দেয়। কোতয়ালী থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়টির নিচে সরকারি সিএনজি স্টেশনটি চালু রাখার জন্যই আমারা ক্যাম্পাস চত্ত্বরে অবস্থান নিয়েছি। তিনি জানান, পুলিশ অবস্থান নেয়ার পর এখানে কোন শিক্ষার্থী আসেনি। বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্যের পদত্যাগপত্র প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করার দাবিতে শিক্ষার্থীরা রোববার থেকে আন্দোলন করছিল। রোববার সকালেই ওই শিক্ষক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর প্রায় দুই শতাধিক শিক্ষার্থী জামালখান এলাকায় প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস ঘেরাও করতে যায়। মিছিলটি কাজীর দেউড়ি এলাকায় গেলে পুলিশ তাদের বাধা দেয়। বিশ্ববিদ্যালয়ের এমবিএ দ্বিতীয় সেমিষ্টারের শিক্ষার্থী সৈয়দ খালেদ বিন মুস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের বাধার কারণে মঙ্গলবারের মতো আন্দোলন কর্মসূচি শেষ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় মূল ক্যম্পাস ঘেরাও করা হবে। শিক্ষার্থীদের মিছিলে বাধা দেওয়া প্রসঙ্গে মহিউদ্দিন মাহমুদ বলেন, "আমারা তাদের চলে যেতে বলেছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের ক্যাম্পাসে যেতে দেয়া হয়নি।" এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাস চত্ত্বরে আন্দোলনরত শিক্ষার্থীরা সাংবাদিক সম্মেলন করে ড. মিলন কুমার ভট্টাচার্যকে পদত্যাগে বাধ্য করার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফকে দায়ী করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা ইকবাল। এসময় সহস্রাধিক শিক্ষার্থী ক্যম্পাস চত্ত্বরে উপস্থিত ছিল। ড. আবু ইউসুফ অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘদিন ধরেই কিছু শিক্ষার্থীর সঙ্গে অবৈধভাবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যবসা করছিলেন ড. মিলন কুমার ভট্টাচার্য। এর প্রমাণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রয়েছে।" তিনি বলেন, "ড. মিলন এ কারণে নিজেই দুঃখপ্রকাশ করে পদত্যাগ করে চলে গেছেন। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু করার নেই।" পদত্যাগী শিক্ষক ড. মিলন কুমার ভট্টাচার্য সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার এখন বিশ্রাম দরকার। আমি আমার পরিবারকে সময় দিতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/১৯৫৭ ঘ.