রাজশাহী, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহিংসতায় এক ছাত্র নিহত হওয়ায় এক মাস সাত দিন বন্ধ থাকার পর সোমবার রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট খুলেছে।
খোলার প্রথম দিন থেকেই শুরু হয়েছে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। তবে ক্লাস শুরু কিংবা ছাত্রাবাসগুলো খোলা হয়নি।
ছাত্রলীগের হামলায় ছাত্রমৈত্রী নেতা রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি নিহত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
ইনস্টিটিউটের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, "পরীক্ষা শুরু হলেও ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়নি। মাসব্যাপী পরীক্ষা গ্রহণ শেষে পরবর্তীতে ক্লাস শুরু এবং ছাত্রাবাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।"
তিনি বলেন, ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।
সানি হত্যার ঘটনায় তার বাবা বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ চার ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৫০ ঘ.
bdnews24