২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি সংলগ্ন মেসে অভিযান, শিবিরের ২৪ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন মেসে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 05:51 AM

Updated : 24 Aug 2022, 06:47 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন মেসে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আমেনা বেগম। পুলিশের ওপর হামলা ও সহিংসতা ঘটানোর পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে- শুরুতে পুলিশ এ কথা জানালেও হাটহাজারী থানার উপ-পরিদর্শক তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের ৫৪ ধারায় (সন্দেহভাজন) গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। ভোরে ক্যাম্পাস সংলগ্ন পদ্মা, সুরমা, উত্তরা, অনামিকা, জি আর রহমান ও খতিব মঞ্জিল কটেজে (মেস) অভিযান চালিয়ে ওই ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। মেসগুলো থেকে অনেক লাঠিসোঁটা, রড ও পাথর ছাড়াও শিবিরের কিছু সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা তাজুল জানান। গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মী নিহত হওয়ার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বৃহস্পতিবার জানান, সারাদেশে ছাত্র শিবিরের বিরুদ্ধে চিরুণী অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশনে খুন হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এএএম মহিউদ্দিন। এর পর চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের দেড় শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমআই/১১৪০ ঘ.