জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শুক্রবার দিনব্যাপী পাখিমেলা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন চত্বরে মেলার উদ্বোধন করেন।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘণ্টা আন্তবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্নস্থান ঘুরে মোট ৫৪ প্রজাতির দেশি ও অতিথি (পরিযায়ী) পাখি সনাক্ত করেন।
প্রতিযোগিতার বিচারক প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহম্মদ মনিরুল হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত মেলার পাখি দেখা পর্বে অঙশ নেয় জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলাদা চারটি দল। এর মধ্যে জাহাঙ্গীরনগরের একটি দল সর্বোচ্চ ৫৪ প্রজাতির পাখি দেখেছেন বলে জানান প্রতিযোগিতার বিচারক।
এসব পাখির মধ্যে রয়েছে- সরালি, সোনা জিরিয়া, জলকুক্কুট, কাদাখোঁচা, লালমুড়ি প্রভৃতি।
প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগরের শঙ্কচিল দল চ্যাম্পিয়ন এবং একই বিশ্ববিদ্যালয়ের নীলকণ্ঠ দল রানার আপ হয়।
এছাড়া সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের পাখির ছবি আঁকা প্রতিযোগিতা।
এতে 'ক' বিভাগে (নার্সারি থেকে তৃতীয় শ্রেণী) ৭৪ জন প্রতিযোগি অংশ নেয়। এদের মধ্যে খালিদ হাসান প্রথম, ফৌজিয়া ফারিয়া দ্বিতীয়, তাজবিন নাহার জান্নাত তৃতীয় হয়।
'খ' বিভাগে (চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী) ৯৫ জন প্রতিযোগি অংশ নেয়। এতে ফাহিমা জান্নাত কলি প্রথম, মো. রাকিবুল আলম দ্বিতীয় ও ফারজানা রিদি তৃতীয় হয়েছে।
পাখি বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফয়সাল প্রথম, জাবি স্কুল এন্ড কলেজের ফাতেমাতুজ জোহরা দ্বিতীয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়জিদ খান তৃতীয় হয়েছেন।
পাখির প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেলার বিভিন্ন স্টলে পাখি বিষয়ক বই ও চিত্র প্রদর্শনীও ছিল। পাশাপাশি জলাশয়ের পাড়ে টেলিস্কোপ দিয়ে পাখি পর্যবেক্ষণের ব্যবস্থাও করা হয়।
মেলা ঘিরে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের জলাশয়ের পাড়ে ভিড় জমায় অসংখ্য দর্শনার্থী।
এবারই প্রথম পুরাতন কলা ভবন সংলগ্ন জলাশয়ে অতিথি পাখিরা আবাস গাড়ে। মেলার দিনে এ জলাশয়টিতে পাখির সংখ্যাও ছিল তুলনামূলক বেশি। দর্শনার্থীরাও জলাশয়টির পাড়ে ভিড় জমিয়ে পাখির কিঁচিরমিঁচির শব্দ, ডানা ঝাপটে বেড়ানো, সাঁতার কাটা, রোদে বসে শরীর শুকানোর দৃশ্য দেখে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী আর বহিরাগত দর্শণার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে ক্যাম্পাস।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছোট-বড় মিলিয়ে ১০/১২ টি জলাশয় রয়েছে। এর মধ্যে জাহানারা ইমাম হল, প্রীতিলতা হল, আল-বেরুনী হল (বর্ধিতাংশ) ও প্রশাসনিক ভবন সংলগ্ন জলাশয় দুটিতে অতিথি পাখির উপস্থিতি চোখে পড়ে সবচেয়ে বেশি।
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মেলায় আসা দর্শনার্থী জাহানারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রকৃতি ও পাখির দেখতে এখানে এসেছি। ব্যস্ত নগরের এক ঘেয়েমির মাঝে এ ধরনের আয়োজন সত্যিই অতুলনীয়।"
মেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মফিজুল কবির বলেন, "প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে পাখি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং দেশি-বিদেশি পাখির সঙ্গে পাখিপ্রেমীদের পরিচয় করিয়ে দিতে ২০০১ সাল থেকে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০০৬ ঘ.
bdnews24