২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সাংবাদিক পিটিয়েছে ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চার সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক সংগঠন ছাত্রলীগের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 03:45 PM

Updated : 24 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চার সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক সংগঠন ছাত্রলীগের কর্মীরা। এদের মধ্যে এক সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে নামিয়ে 'জবাই' করে দেওয়ার হুমকিও দেয় তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের হামলায় এক ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে চবি শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমদাদুল হক, জনকণ্ঠের প্রতিনিধি সুজন ঘোষ এবং সংবাদ সংস্থা আবাস'র প্রতিনিধি ওমর ফারুক । এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহ করার সময় ছাত্রলীগ কর্মী পদার্থবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র লুৎফর রহমান বাবুর নেতৃত্বে ৫-৬ জন আমাকে ডেকে নিয়ে কোনো কারণ ছাড়াই মারধর করে।" তিনি জানান, অন্য সাংবাদিকরা এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরের কাছে অভিযোগ জানায়। এরপর শহরের উদ্দেশে ৪টার ট্রেনে উঠলে ছাত্রলীগ কর্মীরা আবারো সাংবাদিকদের দিকে এগিয়ে আসে। এ সময়ে তারা জোর করে সাংবাদিকদের ট্রেন থেকে নামিয়ে একজনকে জবাই করার হুমকি দেয়। চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সাংবাদিকদের ওপর এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছে। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ এ ঘটনার নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এজে/জিএনএ/২১৩৪ ঘ.