ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত আবু বকর সিদ্দিকের মৃত্যুর পর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আবু বকরের লাশ দুপুরে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে পাঠানো হয়েছে। তার মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
আবু বকরের মৃত্যু পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের সেলের আঘাতে হতে পারে বলে এক চিকিৎসক ইঙ্গিত করলেও পুলিশ বলছে, তদন্ত হলেই তা বোঝা যাবে।
এদিকে সোমবারের ওই সংঘর্ষের পর গ্রেপ্তার নয় শিক্ষার্থীকে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার রাতে এ এফ রহমান হলে ছাত্রলীগের হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের সংঘর্ষে আহত হন ইসলামের ইতিহাস তৃতীয় বর্ষের ছাত্র আবু বকরসহ ২৫ জন।
বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবু বকরের মৃত্যুর খবর ক্যাম্পাসে এলে সকাল ১১টার দিকে ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা মিছিল বের করে।
একই সময়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আরেকটি মিছিলও বের হয়। এ মিছিল উপাচার্যের বাসভবনের কাছে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট ছোড়াছুড়ি হয়। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশও কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে।
সকাল ১১টার দিকে একদল ছাত্র প্রক্টরের কার্যালয় ভাংচুর করে। রোকেয়া হলের সামনের সড়কে তিনটি গাড়িও ভাংচুর করা হয়।
এরপর থেকে ক্যাম্পাসে গাড়ি চলাচল সীমিত করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে বাংলা একাডেমীতে একুশের গ্রন্থমেলাও চলা অবস্থায় উত্তেজনাকর এ ঘটনা ঘটলো। তবে সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে।
বুধবার কলাভবনে অধিকাংশ বিভাগে ক্লাস হয়নি। সকাল ১১টায় প্রক্টর কার্যালয়ে হামলার পর কলাভবনের ভেতরের কলাপসিবল ফটকগুলো বন্ধ করে দেওয়া হয়।
ছাত্রমৃত্যুর প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট একটি মিছিল বের করে। মিছিল থেকে হত্যাকারীদের বিচার ও হলগুলোতে প্রশাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনার প্রতিবাদে আমরা বিক্ষোভ করতে চাইলে বিভিন্ন হলের ছাত্রলীগের নেতারা বাধা দেন।"
পুলিশের এক কর্মকর্তার বক্তব্যেও তার সমর্থন মিলেছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। ছাত্রলীগের নেতারাও শিক্ষার্থীদের নিবৃত্ত করেন।"
তবে বাধা দেওয়ার অভিযোগ নাকচ করে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ছাত্রদের বিক্ষোভে কোনো বাধা দিইনি। শুধু পরামর্শ দিয়েছি, পরিস্থিতি যেন সহিংসতার দিকে না যায় সেদিকে দৃষ্টি রাখতে।"
তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের মৃত্যু খুবই অপ্রত্যাশিত। তবে এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় যেন কোনোভাবেই অস্থির না হয়।"
ঢাকা মেডিকেলের এক চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঁদানে গ্যাসের সেলের আঘাতে বকরের মৃত্যু হতে পারে।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা কৃষ্ণপদ বলেন, "পরিস্থিতি সামাল দিতেই সেদিন কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিলো। তবে পুলিশের কাঁদানে গ্যাস লেগেছিলো কি না, তা নিশ্চিত নয়। কারা ওইদিনের ঘটনায় জড়িত ছিলো, কীভাবে আবু বকরের মৃত্যু হয়েছে সবকিছু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।"
আবু বকরের মৃত্যুর প্রতিক্রিয়ায় উপাচার্য আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, "এটি খুবই দুঃখজনক। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে।"
তিনি মঙ্গলবার রাতে আবু বকরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
উপাচার্য বলেন, আবু বকরের মৃত্যুর ঘটনা তদন্তে একটি কমিটি করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।
ছাত্রলীগের একটি অংশ আবু বকরকে সংগঠনের কর্মী দাবি করলেও তার পরিবার বলছে, তিনি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না।
ছাত্রলীগের এ এফ রহমান হল শাখার সভাপতি সাইদুজ্জামান ফারুক সংঘর্ষের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবু বকর ছাত্রলীগকর্মী এবং তার অনুসারী।
তবে আবু বকরের মামা আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাগ্নে পড়াশোনা নিয়ে থাকতো। রাজনৈতিক কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলো না।
হলের শিক্ষার্থীর জানায়, আবু বকর হল ছাত্রলীগের সভাপতি ফারুকের হাত ধরে ৪০৪ নম্বর কক্ষে উঠলেও রাজনৈতিক কর্মসূচিতে তাকে খুব একটা দেখা যায়নি।
ওই সংঘর্ষের পর ফারুকসহ নয়জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি রেজাউল করিম।
ময়নাতদন্ত শেষে দুপুর দেড়টার দিকে বকরের লাশ নিয়ে গ্রামের বাড়ি রওনা হন তার ভাই ও মামা। এ সময় ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৩৪ ঘ.
bdnews24