ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকে নবম শ্রেণীর সিলেবাসে দেশের গৌরবোজ্জ্বল বিজয়ের ইতিহাস অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে গণভবনে ২০১১ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যের সরকারি বই বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তরা সেখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, "শিক্ষর্থীদের অবশ্যই আমাদের গৌরবোজ্জ্বল বিজয়ের ইতিহাস জানাতে হবে এবং তা সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।"
শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্ট না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "প্রত্যেক শ্রেণীতে যতটুকু পড়াশোনা করা দরকার ততটুকুই যেন সিলেবাস করা হয়; বেশি যেন না করা হয়।"
ই-বুক প্রচলনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, আগামীতে দেশে ই-বুক প্রচলন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, "শিক্ষার্থীদের হাতে শুধু বই তুলে দিলে হবে না, বই মানসম্মত হতে হবে।"
এ সময় তিনি শিক্ষাদানের জন্য শিক্ষকদের আরো দক্ষ হওয়ার আহ্বান জানান।
বিনামূল্যের সরকারি এ বই বের হওয়ার আগে অনেক সমালোচনা হলেও তা যৌক্তিক ছিলো না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১৪২৯ ঘ.
bdnews24