ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষানীতি বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত 'জাতীয় শিক্ষানীতি-২০১০ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, "শিক্ষা নীতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই। রাজনীতি করারও সুযোগ নেই। কারণ, এই নীতিকে দেশের সর্বস্তরের রাজনীতিবিদ, পেশাজীবী, আলেম ও বুদ্ধিজীবীরা স্বাগত জানিয়েছেন।"
শিক্ষামন্ত্রী বলেন, "এবারই প্রথম শিক্ষা নীতি মন্ত্রিসভায় পাশ হওয়ার পর কোন রকম প্রতিবাদ ওঠেনি। তাছাড়া বিরোধী দলের সাবেক দু'জন শিক্ষামন্ত্রী, ঢাবি'র সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, ২০০৩ সালের শিক্ষা নীতি প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মিয়া ইতিবাচক মত প্রকাশ করেছেন, যা এটি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।"
তিনি আরো বলেন, "মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা ও মৌলিক বিষয় ঠিক রেখেই নৈতিক ও কর্মমুখী শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে। মাদ্রাসার ছাত্রদের জনসম্পদে পরিণত করতে যেসব বিষয়ের প্রয়োজন তার সব কিছুই আছে এবারের এ নীতিতে। কিন্তু একটি মহল দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে।"
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক কর্মচারি ফ্রন্টের প্রধান সমন্ব^য়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।
মূল প্রবন্ধে অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বলেন, "বিএনপি শিক্ষা নীতিকে অভিনন্দন জানিয়েছে। অথচ এখন আবার রাজনৈতিক ফায়দা লুটতে শিক্ষা নীতির বিরুদ্ধে মৌলবাদী গোষ্ঠীর হরতালকেও সমর্থন দিচ্ছে। নতুন শিক্ষা নীতি সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে প্রণয়ন করায় এটি নিয়ে কারো কোন দ্বিমত নেই।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "স্বাধীনতার পর বহু শিক্ষা নীতি হয়েছে। একটিও বাস্তবায়ন হয় নি। কিন্তু এবার যে সর্বজনগ্রাহ্য নীতি হয়েছে দেশের স্বার্থে অবিলম্বে সেই শিক্ষা নীতির পূর্নাঙ্গ বাস্তবায়ন করতে হবে।"
অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, "ইসলামে বহু মনীষী তৈরি হয়েছে কেবল ইসলামী শিক্ষা অর্জন করে নয়। এটা যারা বলেন তারা ভুল বলেন। ইসলামে মনীষী তৈরি হয়েছিল কারন, তাদের শিক্ষাক্রমে ইসলামী শিক্ষার সাথে গনিত, বিজ্ঞানসহ আধুনিক জ্ঞান বিজ্ঞানের বিষয়ও পড়তে হয়েছে।"
ইকবাল সোবহান চৌধুরী বলেন, "দীর্ঘ একটি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে। তা বাস্তবায়ন করা হবে। যারা এ শিক্ষানীতি বাতিলের দাবি তুলছেন তারা বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা নিয়ে সব রাজনীতি বন্ধ করতে হবে।"
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্বকিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ফরিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/২১৪৬ ঘ.
bdnews24