২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রলীগ কর্মীকে মারধর, আটক ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেছে সংগঠনের অপর কয়েকজন কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 12:04 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেছে সংগঠনের অপর কয়েকজন কর্মী। এ ঘটনার পর ছাত্রলীগের কয়েকজন কর্মী পুলিশের এক কর্মকর্তাকে মারধর করেছে। পুলিশ সংগঠনটির চার কর্মীকে আটক করেছে। রোববার দুপুর ১টার দিকে ভাষা বিভাগের শেষবর্ষের ছাত্র ছাত্রলীগকর্মী সবুজ সারোয়ারকে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সবুজ ক্যাম্পাসের টুকিটাকি চত্ত্বরে বসে চা খাচ্ছিল। সে সময় ছাত্রলীগকর্মী আশিষ, তাকিম ও তানিমসহ ৭/৮ জনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সবুজকে কিল-ঘুষি মারে। আহত সবুজ বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছে। এ ঘটনার পর বিকাল সোয়া তিনটার দিকে আশিষ, তাকিম, আবু সালেহ ও জুয়েল তালাইমারী এলাকায় 'বৈশাখী' রেস্টুরেন্টে খাচ্ছিলো। সে সময় সবুজ তার সমর্থকদের নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় দুই পক্ষই ইটপাটকেল ছোড়াছুড়ি করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সবুজ তার দলবল নিয়ে পালিয়ে যায়। অপর পক্ষের কর্মীরা রেস্টুরেন্টের দরজা বন্ধ করে ভিতরে আশ্রয় নেয়। পুলিশ তাদের আটকের চেষ্টা করলে তারা মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামানকে মারধর করে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেস্টুরেন্টের মালিক আব্দুস সালাম বাবু সাংবাদিকের জানান, তার দোকানের চেয়ার টেবিল ভাংচুর করা হয়েছে। এই ঘটনায় তার ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। সবুজ সারোয়ার জানান, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম-সম্পাদক আবু হোসাইন বিপুর সমর্থকরা তাকে মারধর করেছে। আবু হোসাইন বিপু জানান, ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে তারা মারামারি করেছে। এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। প্রক্টর অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, "নিজেদের মধ্যে মারামারি দুঃখজনক।" তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মতিহার থানার ওসি আবুল খায়ের বলেন, "পুলিশের ওপর হামলা এবং ক্যাম্পাসে বিশৃঙ্খলার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" আটককৃতরা হলেন- আশিষ, তাকিম, আবু সালেহ ও জুয়েল। অপ্রতীকির ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান। চলতি বছর ২৭ জানুয়ারি রাবি ছাত্রলীগের ছয় নেতার নামসহ কমিটি ঘোষণা করা হয়। ৭ আগস্ট সভাপতি আওয়াল কবীর জয় ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপুর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরদিন দু'জনকে দল থেকে বহিস্কার করা হয়। ১৫ আগস্ট ইফতারের টোকেন বিতরণকে কেন্দ্র করে শাহ্ মখদুম (এসএম) হলে ছাত্রলীগ কর্মীরা সংগঠনের কর্মী নাসরুল্লা নাসিমকে দোতলা থেকে ফেলে দেয়। সাতদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫৮ ঘ.