জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১০-২০১১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর খ ও গ ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরীক্ষার সময়সূচি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি, দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.juniv.edu ) পাওয়া যাবে।
মাদ্রাসা ছাত্রদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৩ অক্টোবর হাইকোর্ট এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেয়। এরপর ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে। পরবর্তীতে আদালত মাদ্রাসা ছাত্রদেরও ভার্তি পরীক্ষায় অংশ নিতে দেওয়ার নির্দেশ দেয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে ২০০ করে নম্বর থাকার বাধ্যবাধকতা রয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের এ যোগ্যতা না থাকায় তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছিলেন না।
উচ্চ আদালত মাদ্রাসার শিক্ষার্থীদের ওই যোগ্যতায়ই ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেওয়ার আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৫৪৮ ঘ.
bdnews24