রংপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)।
সোমবার পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশ দেওয়া হয় বলে রংপুর সিআইডি কর্মকর্তারা জানান।
তবে মঙ্গলবার পর্যন্ত মামলার নথিপত্র সিআইডির কাছে হস্তান্তর করা হয়নি।
তদন্তের দায়িত্ব হস্তান্তরের নির্দেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রংপুর সিআইডি'র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাগজপত্র পাওয়ার পর তদন্ত শুরু করা হবে।
গত ৮ জুলাই রংপুর শহর থেকে ২০ কিলোমিটার দূরে গঙ্গাচড়া উপজেলার একটি বেসরকারি পর্যটন কেন্দ্রে ফাঁস হওয়া প্রশ্নপত্রসহ ১৬০ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে সরকারি ছাপাখানা বিজি প্রেসের কর্মচারীসহ আরো ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে গঙ্গাচড়া থানায় একটি মামলা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি)।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি আব্দুল মান্নান জানান, নথিপত্র এখনো হস্তান্তর করা হয়নি। তবে শিগগিরই নথি সিআইডিতে যাবে বলে তিনি জানান।
পুলিশ জানায়, মামলার আসামিরা সবাই জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৫ ঘ.
bdnews24