ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবান্ন উৎসবের এক যুগ পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী অনুষ্ঠান।
পহেলা অগ্রহায়ণ সোমবার এ উৎসবের আয়োজন করেছে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ।
কৃষিপ্রধান এদেশের কৃষিভিত্তিক সংস্কৃতি তুলে ধরতে ঢাকায় বাংলা ১৪০৬ সনে এ উৎসব স্বল্প পরিসরে শুরু হয়। এরপর কেটে গেছে ১২ বছর।
চারুকলার বকুলতলায় সকাল সাড়ে ৭টায় বাঁশির সুরে গান ও নাচের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর চলে একক ও দলীয় সঙ্গীত আর দলীয় নৃত্য।
পরে যুগপূর্তি উপলক্ষে ১২ জন কৃষকের পক্ষে কৃষাণি মুক্তা বেগম এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
এরপর ঢাকের তালে বকুলতলা থেকে শোভাযাত্রা বের হয়। টিএসসি ঘুরে শোভাযাত্রাটি আবারো বকুলতলায় এসে শেষ হয়।
নবান্নের আমেজ ধরে রাখতে আয়োজকরা উৎসবস্থলে মুড়ির মোয়া, খই ও বাতাসার আয়োজন রেখেছে।
উদযাপন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান বলেন, "এ নবান্ন উৎসব গ্রাম বাংলার কৃষকদের মূল উৎসব। কারণ, পাকা ধানের গন্ধে কৃষাণীসহ সকলের মুখে হাসি ফুটে উঠে। অক্লান্ত পরিশ্রমের ফসল এ ধানই আমাদের অন্ন।"
কৃষকদের এই পরিশ্রমের প্রতি শ্রদ্ধা প্রদর্শণের স্বীকৃতি স্বরূপ এ দিনটি সরকারি ছুটির দিন ঘোষণার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, "এ উৎসব এখন ঢাকা কেন্দ্রিক নয়। বিগত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে এই উৎসব পালিত হচ্ছে। এবার দেশের উপজেলা পর্যায়ে সরকারিভাবে এ উৎসব পালন করা হবে।"
আমাদের জাতীয় ঐতিহ্যের আরেকটি ঐতিহাসিক ধারা বয়ে আনবে এ উৎসব-এমনটিই মনে করছেন প্রবীন এই সংস্কৃতি কর্মী।
অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন কো-চেয়ারম্যান কাজী মদিনা।
এ উদযাপন পর্ষদের উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম বলেন, "পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনে বিলীন হতে বসেছে আমাদের দেশীয় সংস্কৃতি। আমাদের অর্থনৈতিক ও সামাজিক বিভাজনকে অতিক্রমের জন্যেই কৃষকদের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করা হয়েছে।"
দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৩৫৩ ঘ.
bdnews24