২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রলীগের ধাওয়া-ধাওয়ি দেখলো ভর্তিচ্ছুরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 10:30 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আত্মরক্ষার্থে তারা ছোটাছুটি শুরু করে। প্রক্টরিয়াল বডির সদস্যদের হস্তক্ষেপ ও পুলিশের তৎপরতার মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শনিবার রাবি ক্যম্পাসে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরুর দিন এ ঘটনা ঘটে। ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাবি ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি রেদওয়ান আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আবু হুসাইন বিপু ও ফুয়াদ হাসান মুরাদ, কর্মী শরীফ, হাবিব ও এরশাদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাদদেশে ছাত্রলীগের টেন্ট থেকে শুভেচ্ছা মিছিল বের করে। মিছিলকারীদের মাথায় বাধা ছিলো সবুজ রঙের ফিতা। ওদিকে রাবি ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি আউয়াল কবির জয় ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের সমর্থকরা ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে অবস্থান নেয়। গ্রান্থাগারের পাদদেশ থেকে বের হওয়া শুভেচ্ছা মিছিলটি টুকিটাকি চত্বরের পাশ দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে কিছু কর্মী দলীয় স্লোগান দেয়। এ এসময় টুকিটাকি চত্বরে অবস্থানরত রনি, আজিজ, গোলাপ ও সোহেলের নেতৃত্বে কর্মীরা পাল্টা স্লোগান দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা এ সময় আতঙ্কে ছুটাছুটি শুরু করে। প্রক্টরিয়াল বডির সদস্যদের হস্তক্ষেপে এবং পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে মিছিলকারীরা গ্রন্থাগারের পাদদেশে গিয়ে সমাবেশ করে। ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কতিপয় ছাত্রলীগ নেতাকর্মী বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে।" মিছিলকারী ছাত্রলীগ নেতা শুভ্র ও বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। এসময় ওই পক্ষ উস্কানিমূলক স্লোগান দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে আমরা আমাদের কর্মীদের শান্ত করেছি।" প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া জানান, কিছু কর্মী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রক্টরিয়াল বডির সদস্য এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি ছাত্র সংগঠনগুলোকে সংযত হওয়ার আহ্বান জানান। মতিহার থানার ওসি আবুল খায়ের বলেন, "অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬২৬ ঘ.