২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির আরো দুই শিক্ষক লাঞ্ছিত

ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে মারধর করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 03:39 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে মারধর করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহের থানামোড় এলাকায় লাঞ্ছনার শিকার হন এই দুই শিক্ষক। এরা হলেন- সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলা বিভাগের শিক্ষক তপন কুমার রায় ও ফিন্যান্স বিভাগের শিক্ষক সুতাপ ঘোষ। তপন কুমার রায় সাংবাদিকদের বলেন, "আমরা দুজন সন্ধ্যা সাতটার সময় হাঁটতে হাঁটতে ঝিনাইদহের থানামোড় এলাকায় গেলে একদল উচ্ছৃঙ্খল যুবক আমাদের কাছে ভর্তি পরীক্ষার রেজাল্ট জানতে চেয়ে নির্জনে যেতে বলে। আমরা যেতে অস্বীকার করায় তারা আমাদের উপর চড়াও হয় এবং আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।" এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি ড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ড. শহীদ মুহাম্মাদ রেজওয়ান নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও এ ঘটনার নিন্দা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, দুর্বৃত্তরা দুই শিক্ষককে মারধর শুরু করলে তারা পরিচিত একটি দোকানে আশ্রয় নেন। দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাদের মারধর করে। পরে দোকানি এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। ঝিনাইদহ থানার ওসি সগির মিয়া জানান, এ ব্যাপারে তার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। তিনি বিষয়টি কেবলই জানলেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে লাঞ্ছিত করে তিন কর্মকর্তা। এ ঘটনায় শিক্ষক সমিতি শনিবার থেকে কর্মবিরতি পালন করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৮ ঘ.