জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসের ভাড়া নিয়ে সৃষ্ট বিরোধে বিক্ষুদ্ধ কয়েকজন ছাত্র সোমবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে।
এ ঘটনায় ওই বাসের চালক, হেলপার ও এক ছাত্র আহত হয়। আহত ছাত্রকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সূত্রাপুর থানা এলাকার ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামশেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তোফয়েল আহমেদ তমাল নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে ভাড়া নিয়ে আজমীরি পরিবহনের একটি বাসের হেলপারের হাতাহাতি হয়। তমাল ভাড়া না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে হেলপার তাকে মারধর করে।"
তমাল ক্যাম্পাসে গিয়ে বিষয়টি কয়েকজন বন্ধুকে জানায় এবং সঙ্গে নিয়ে এসে আজমীরি পরিবহন, বিহঙ্গ এবং পার্কলি পরিবহনের ২/৩টি বাসের কাঁচ ভাংচুর করে।
এ সময় আজমীরি পরিবহনের চালক, হেলপার এবং তমাল নিজেও আহত হয়। তমালকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে প্রক্টর আসাদুজ্জামান জানান, এ ধরণের অভিযোগ তিনি শুনেছেন। দুই পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।
তিনি বলেন, "এ ঘটনায় কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৩২৭ ঘ.
bdnews24