ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে শনিবার মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবি পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে শিক্ষক সমিতি।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের লাঞ্ছিত হন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের দুই প্রভাষক মো. আলমগীর হোসেন ও মো. সাদেক আলী। বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ এসেছে।
শনিবার দুপুরে শতাধিক শিক্ষার্থী ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে মানববন্ধন করে। তারা দোষী কর্মকর্তাদের বিচার দাবি করেন।
শিক্ষক লাঞ্ছনার ঘটনার পর শনিবার বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই শনিবার ক্লাস-পরীক্ষা হয়নি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বেলা ১০টায় জরুরি সভা করে। সভায় দোষী ব্যক্তিদের সাময়িক বহিষ্কার এবং একদিনের মধ্যে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদি হয়ে মামলা করার দাবি জানানো হয়। এজন্য প্রশাসনকে একদিন সময় দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান।
শিক্ষকরা বলেছেন, দাবি মেনে নেওয়া না হলে তারা কর্মবিরতির মতো কর্মসূচিতে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৯ ঘ.
bdnews24