চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) চট্টগ্রাম বোর্ডের অংশ আয়োজনে আর্থিক ক্ষতিতে পড়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
শনিবার নগরীর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত জেএসসি পরীক্ষা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ কথা জানান বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মুহম্মদ আবু জাফর চৌধুরী।
তবে এর মধ্যেও পরীক্ষা অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা।
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সারাদেশে ২০১০ সালের ৪ নভেম্বর জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে চট্টগ্রাম বোর্ডের আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার একশ ৭৭টি কেন্দ্রে মোট এক লাখ পাঁচ হাজার ৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
সভায় প্রতিটি কেন্দ্রের কেন্দ্র সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বোর্ড চেয়ারম্যান জানান, পরীক্ষা অনুষ্ঠানসহ ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ অর্থের প্রয়োজন। বোর্ডের নিজস্ব তহবিল থেকে এ অর্থের যোগান দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বোর্ডের আর্থিক ক্ষতি হলেও পরীক্ষা আয়োজনে এর কোনো প্রভাব পড়বে না।
সভায় পরীক্ষা আয়োজনে নিজ কেন্দ্রের জন্য প্রাপ্ত অর্থ অপ্রতুল বলে জানান অনেক কেন্দ্র সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমইউএস/পিডি/১৮০১ঘ.
bdnews24