কুড়িগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নকল করতে না পারায় কুড়িগ্রাম সরকারি কলেজে
ভাংচুর চালিয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী।
এ সময় আতঙ্কিত শিক্ষার্থীদের ছুটাছুটিতে ১০ জন আহত হয়েছে।
সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেছে, ছাত্রলীগের কিছু নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছে। তবে জেলা ছাত্রলীগ নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপাধ্যক্ষ তোফায়েল হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে মঙ্গলবার বেলা ১২টার দিকে ২৫-৩০ জন ছাত্রের একটি দল এ হামলা চালায়।
তারা অফিস কক্ষ, প্রাণীবিদ্যা বিভাগ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, ইতিহাস বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ ও হিসাব বিজ্ঞান বিভাগের দরজা-জানালা, আসবাবপত্র ও বেশ কিছু ফুলের টব ভাংচুর করে।
এ ঘটনায় কলেজের সব বিভাগের ক্লাশ বন্ধ হয়ে যায়। পরে তারা ক্যাম্পাসে উপাধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সংবলিত পোস্টার লাগিয়ে দেয়।
অধ্যক্ষ সাবিহা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন।
কলেজের উপাধ্যক্ষ তোফায়েল হোসেন বলেন, "নকল ঠেকাতে গতকাল ইংরেজি পরীক্ষার সময় গেট বন্ধ করে পরীক্ষা নেওয়া হয়। এতে কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্র বিক্ষ্্ুব্ধ হয়।"
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, নকল করতে না পেরে ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।
তারা জানায়, সোমবার ইংরেজি বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে ছাত্রলীগ নেতারা বিশেষ সুবিধা না পাওয়ায় হৈ চৈ শুরু করেন। পরে তারা আগামীকাল দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।
তবে জেলা ছাত্রলীগ সভাপতি আইয়ুব আলী এ অভিযোগ অস্বীকার করে বলেন, এর সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।
দুপুর ১টার দিকে শিক্ষক পরিষদের জরুরি বৈঠক হয়। বৈঠকে ক্ষয়ক্ষতি নিরূপণ ও জড়িতদের চিহ্নিত করতে রসায়ন বিভাগের প্রধান মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।
এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করারও সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।
সদর থানার ওসি তাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাংচুরের ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24